প্রকৃতির বিস্ময় কখনো শুধু সৌন্দর্যে নয়, আকারেও চমকে দেয়। পৃথিবীর সবচেয়ে বড় পাখিগুলো ঠিক তেমনই এক বিস্ময়, যারা তাদের বিশাল দেহ, অসাধারণ অভিযোজন আর ভিন্নধর্মী জীবনযাত্রা দিয়ে ভ্রমণপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে। এদের দেখা মানে শুধু একটি প্রাণী দেখা নয়, বরং প্রকৃতির ভিন্ন এক মাত্রার সঙ্গে পরিচয়।
উটপাখি
পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী পাখি উটপাখি। উচ্চতা প্রায় ২.৭ মিটার এবং ওজন ১০০ কেজির বেশি হতে পারে। উড়তে না পারলেও এর শক্তিশালী পা তাকে ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম করে। আফ্রিকার তৃণভূমিতে দলবদ্ধভাবে চলাফেরা করে এবং শিকারি প্রাণীর আক্রমণ এড়াতে সতর্ক থাকে।
দেখা যায় নামিবিয়া, কেনিয়া, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানার খোলা তৃণভূমিতে।
সোমালি উটপাখি
সাধারণ উটপাখির কাছাকাছি হলেও নীলাভ গলা ও পা এটিকে আলাদা করে তোলে। শুষ্ক ও কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা এদের বিশেষ বৈশিষ্ট্য। কম উদ্ভিদসমৃদ্ধ অঞ্চলেও সহজে বেঁচে থাকতে পারে।
দেখা যায় সোমালিয়া, পূর্ব ইথিওপিয়া ও উত্তর কেনিয়ার শুষ্ক অঞ্চলে।
সাউদার্ন ক্যাসোয়ারি
ঘন রেইনফরেস্টের এই বড় পাখিটি দেখতে অনেকটা প্রাগৈতিহাসিক যুগের জীবের মতো। মাথায় হেলমেটের মতো কাঠামো এবং শক্তিশালী নখরযুক্ত পা এদের বৈশিষ্ট্য। সাধারণত লাজুক হলেও বিপদের সময় আক্রমণাত্মক হয়ে ওঠে। বনজ বীজ ছড়িয়ে দিয়ে বন পুনর্জন্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেখা যায় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ও পাপুয়া নিউগিনির বৃষ্টিঅরণ্যে।
ইমু
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় দেশীয় পাখি ইমু প্রায় ১.৯ মিটার পর্যন্ত লম্বা হয়। দীর্ঘ দূরত্ব অতিক্রম করার ক্ষমতা এবং বিভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার দক্ষতা এদের বিশেষত্ব। মরুভূমি থেকে খোলা বনভূমি সব জায়গাতেই এদের দেখা মেলে।
দেখা যায় অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডজুড়ে।
অ্যান্ডিয়ান কনডর
বিশ্বের অন্যতম বৃহৎ ডানার বিস্তারসম্পন্ন পাখি। এর ডানা ৩ মিটারেরও বেশি বিস্তৃত হতে পারে। উড়ার সময় খুব কম শক্তি খরচ করে, পাহাড়ি বাতাসের স্রোত ব্যবহার করে ঘণ্টার পর ঘণ্টা ভেসে থাকতে পারে। মৃত প্রাণী খেয়ে পরিবেশ পরিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেখা যায় আন্দিজ পর্বতমালায়, বিশেষ করে পেরু, চিলি, আর্জেন্টিনা, বলিভিয়া ও কলম্বিয়ায়।