মে মাস ভ্রমণের জন্য বছরের অন্যতম আদর্শ সময়। শীতের শেষে পৃথিবীর অনেক শহর ও প্রাকৃতিক দৃশ্য নতুন রঙে সেজে ওঠে, আবহাওয়া থাকে মনোরম, আর ভিড়ও তুলনামূলক কম। ফলে নিরিবিলি পরিবেশে ভ্রমণ উপভোগ করা যায় স্বস্তিতে। সংস্কৃতি, অ্যাডভেঞ্চার কিংবা বিশ্রাম—সব ধরনের ভ্রমণপিপাসুর জন্যই এই সময়টি উপযুক্ত। ভ্রমণ বিশেষজ্ঞ লুইস ডি’সুজার পরামর্শে মে মাসের জন্য বাছাই করা হয়েছে এমনই পাঁচটি আকর্ষণীয় গন্তব্য।
কিয়োটো, জাপান
মে মাসে কিয়োটো যেন এক জীবন্ত চিত্রকর্ম। চেরি ব্লসমের মৌসুম শেষ হলেও শহরজুড়ে ছড়িয়ে পড়ে সবুজের শান্ত আবহ। গাছঘেরা রাস্তা, নিরিবিলি মন্দির ও ঐতিহ্যবাহী কাঠের বাড়ি শহরটিকে করে তোলে অনন্য। এখানে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল চোখে পড়ে সহজেই। চা-অনুষ্ঠানে অংশ নেওয়া, বাঁশবনে হাঁটা বা কিয়োমিজু-দেরা মন্দির ঘুরে দেখা—সব মিলিয়ে এক প্রশান্ত অভিজ্ঞতা দেয় কিয়োটো।
সুইজারল্যান্ড
মে মাসে সুইজারল্যান্ডে একই সঙ্গে দুই ঋতুর সৌন্দর্য উপভোগ করা যায়। একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে উপত্যকাজুড়ে ফুটে থাকা টিউলিপ ফুল। মন্ট্রু প্রমেনাডে ছবি তোলার অসাধারণ সুযোগ মেলে, আর মর্গেস টিউলিপ উৎসব ভ্রমণকে করে তোলে আরও প্রাণবন্ত। ল্যাভক্সের আঙুরবাগান বসন্তের রোদে ঝলমল করে ওঠে, আর টিচিনো অঞ্চলে পাওয়া যায় উষ্ণ আবহাওয়ার ছোঁয়া।
লাদাখ, ভারত
দীর্ঘ শীতের পর মে মাসে ধীরে ধীরে প্রাণ ফিরে পায় লাদাখ। বরফে ঢাকা পাহাড়ের মাঝে এ সময় এপ্রিকট ফুলে রঙিন হয়ে ওঠে প্রকৃতি। খুলতে শুরু করে প্রধান সড়কগুলো, ফলে নুব্রা ভ্যালির বালিয়াড়ি কিংবা প্যাংগং সো হ্রদ ভ্রমণ সহজ হয়। পর্যটকের চাপ কম থাকায় এ সময় অঞ্চলটি থাকে শান্ত ও নিরিবিলি। হেমিস ও থিকসে মঠ ঘুরে দেখার মধ্য দিয়ে আধ্যাত্মিক অভিজ্ঞতাও পাওয়া যায়।
রোম, ইতালি
মে মাসে রোম ভ্রমণ মানেই আরামদায়ক আবহাওয়ায় ইতিহাসের পথে হাঁটা। কলোসিয়ামের মতো ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে ত্রাস্তেভেরে এলাকার সরু পাথরের রাস্তা—সবকিছুই প্রাণবন্ত হয়ে ওঠে। ক্যাফে ও রেস্তোরাঁগুলোতে বসে উপভোগ করা যায় ইতালিয়ান খাবার, যেমন তাজা পাস্তা, জেলাটো ও এসপ্রেসো। শহরের স্কয়ার ও ফোয়ারাগুলোও এ সময় আলাদা সৌন্দর্য পায়।
ইস্তানবুল, তুরস্ক
মে মাসে ইস্তানবুল জুড়ে ফুটে ওঠা টিউলিপ শহরটিকে রঙিন করে তোলে। পার্ক ও উদ্যানজুড়ে এই ফুলের সমারোহ ঐতিহাসিক স্থাপনার সঙ্গে তৈরি করে চমৎকার বৈপরীত্য। হায়া সোফিয়ার মতো স্থাপনা ঘুরে দেখা কিংবা বসফরাস প্রণালীতে নৌভ্রমণ এই সময়ের বিশেষ আকর্ষণ। গ্রীষ্মের তুলনায় ভিড় কম থাকায় শহরের সংস্কৃতি ও দৈনন্দিন জীবন কাছ থেকে দেখার সুযোগ মেলে।