শিশুদের নিয়ে ভ্রমণ করা যেমন আনন্দের, তেমনি কিছুটা চ্যালেঞ্জেরও। বিখ্যাত কোনো দর্শনীয় স্থানে ছোট সন্তানদের নিয়ে গেলে শুধু সৌন্দর্য উপভোগ করলেই হয় না, আগেভাগে পরিকল্পনাও জরুরি। দীর্ঘ লাইন, সীমিত সুযোগ-সুবিধা, দুর্গম পথ কিংবা উপযুক্ত বিশ্রামস্থলের অভাব—সব মিলিয়ে একটি সাধারণ পারিবারিক ভ্রমণও কঠিন হয়ে উঠতে পারে।

তবে সঠিক প্রস্তুতি থাকলে এসব সমস্যা সহজেই সামাল দেওয়া যায়। এ লক্ষ্যেই শিশুদের স্ট্রলার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইক্যান্ডি বিশ্বের ২০০টিরও বেশি জনপ্রিয় দর্শনীয় স্থান বিশ্লেষণ করে একটি বৈশ্বিক সূচক প্রকাশ করেছে। সেখানে প্রবেশগম্যতা, আবহাওয়া, টিকিটের মূল্য, অনলাইন পর্যালোচনা এবং পরিবারবান্ধব সুবিধা—যেমন টয়লেট, শিশুদের ডায়াপার পরিবর্তনের জায়গা ও স্তন্যদান কক্ষ— এসব বিবেচনায় র‌্যাংকিং তৈরি করা হয়।

শীর্ষে গ্র্যান্ড ক্যানিয়নের সাউথ রিম

তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিম। সহজ হাঁটার পথ, র‍্যাম্পযুক্ত শাটলবাস, শিশুদের জন্য ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা এবং পরিবারভিত্তিক সাশ্রয়ী টিকিট—সব মিলিয়ে এটি পরিবারবান্ধব গন্তব্য হিসেবে প্রথম স্থান দখল করেছে। সারা বছর খোলা থাকায় এখানে হোটেল, লজ, কেবিন কিংবা ক্যাম্পিংয়ের ব্যবস্থাও রয়েছে।

দ্বিতীয় স্থানে গ্রিফিথ অবজারভেটরি

দ্বিতীয় স্থানে আছে লস অ্যাঞ্জেলেসের গ্রিফিথ অবজারভেটরি। বিনামূল্যে প্রবেশ, ইন্টারঅ্যাকটিভ মহাকাশ প্রদর্শনী এবং শিশুদের উপযোগী শিক্ষামূলক আয়োজনের কারণে এটি বাজেটবান্ধব ও পরিবারবান্ধব গন্তব্য হিসেবে সমাদৃত।

ঐতিহ্য আর অভিজ্ঞতার মেলবন্ধন

তৃতীয় স্থানে চীনের বেইজিংয়ে অবস্থিত ফরবিডেন সিটি। শিশুদের জন্য বিশেষ ট্রেজার হান্ট কার্যক্রম এবং সাশ্রয়ী পারিবারিক টিকিট এটিকে আকর্ষণীয় করেছে।

চতুর্থ স্থানে ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল। ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহাসিক স্থাপনাটি ২০১৯ সালে বিশেষ স্তন্যদান কক্ষ চালু করে পরিবারবান্ধব উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছে।

পঞ্চম স্থানে মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থিত হাসান দ্বিতীয় মসজিদ। প্রশস্ত খোলা জায়গা ও গাইডেড ট্যুরের সুবিধা থাকায় এটি শিশুদের নিয়ে ঘোরার জন্য উপযোগী।

জাপানের সাফল্য

শীর্ষ দশে জাপানের তিনটি স্থান জায়গা করে নিয়েছে—কিয়োটোর ফুশিমি ইনারি শ্রাইন, নারার নারা পার্ক এবং টোকিওর সেনসোজী মন্দির। সহজ গণপরিবহন, পরিচ্ছন্ন পরিবেশ এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি জাপানকে শিশুদের নিয়ে ভ্রমণের জন্য অন্যতম উপযুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে।

ইউরোপ ও আমেরিকার অন্যান্য গন্তব্য

পর্তুগালের পেনা প্যালেস গার্ডেনস, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলসহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থাপনাও তালিকায় স্থান পেয়েছে। বিস্তীর্ণ উদ্যান, খোলা প্রাঙ্গণ এবং পরিবারবান্ধব অবকাঠামো এসব স্থানকে শিশুদের জন্য উপযোগী করে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, সঠিক গন্তব্য নির্বাচন ও আগাম প্রস্তুতি থাকলে শিশুদের সঙ্গে ভ্রমণ শুধু আনন্দদায়কই নয়, শিক্ষামূলক অভিজ্ঞতাও হয়ে উঠতে পারে।

একনজরে ৫০ গন্তব্য

১. গ্র্যান্ড ক্যানিয়ন সাউথ রিম, যুক্তরাষ্ট্র
২. গ্রিফিথ অবজারভেটরি, যুক্তরাষ্ট্র
৩. ফরবিডেন সিটি, চীন
৪. তাজমহল, ভারত
৫. হাসান দ্বিতীয় মসজিদ, মরক্কো
৬. ফুশিমি ইনারি মন্দির, জাপান
৭. পেনা প্যালেস গার্ডেনস, পর্তুগাল
৮. ন্যাশনাল মল, যুক্তরাষ্ট্র
৯. নারা পার্ক, জাপান
১০. সেনসোজি মন্দির, জাপান
১১. নাইয়াগ্রা জলপ্রপাত দর্শন পয়েন্ট, কানাডা
১২. পম্পেই প্রত্নতাত্ত্বিক এলাকা, ইতালি
১৩. জেরোনিমোস মনাস্টেরি, পর্তুগাল
১৪. সাগরাদা ফামিলিয়া, স্পেন
১৫. অ্যাক্রোপলিস, গ্রিস
১৬. জায়ন সিনিক ড্রাইভ, যুক্তরাষ্ট্র
১৭. ভার্সাই প্রাসাদ উদ্যান, ফ্রান্স
১৮. ক্লিফস অব মোহের, আয়ারল্যান্ড
১৯. শ্যোনব্রুন প্রাসাদ ও উদ্যান, অস্ট্রিয়া
২০. গার্ডেনস বাই দ্য বে, সিঙ্গাপুর
২১. মাউন্ট রাশমোর, যুক্তরাষ্ট্র
২২. ক্রাইস্ট দ্য রিডিমার, ব্রাজিল
২৩. গিয়ংবকগুং প্রাসাদ, দক্ষিণ কোরিয়া
২৪. বাথ অ্যাবি, যুক্তরাজ্য
২৫. টোকিও টাওয়ার, জাপান
২৬. ডারহাম ক্যাথেড্রাল, যুক্তরাজ্য
২৭. ভ্যাটিকান মিউজিয়াম ও সেন্ট পিটার্স স্কয়ার, ইতালি
২৮. আইফেল টাওয়ার, ফ্রান্স
২৯. কিউকেনহফ উদ্যান, নেদারল্যান্ডস
৩০. তাইপে ১০১, তাইওয়ান
৩১. পেট্রোনাস টাওয়ারস পার্ক, মালয়েশিয়া
৩২. টাওয়ার ব্রিজ, যুক্তরাজ্য
৩৩. জায়ান্টস কজওয়ে, যুক্তরাজ্য
৩৪. স্কাই টাওয়ার, নিউজিল্যান্ড
৩৫. বুদা ক্যাসল, হাঙ্গেরি
৩৬. আর্ক দ্য ত্রিয়ঁফ, ফ্রান্স
৩৭. গ্র্যান্ড প্যালেস, থাইল্যান্ড
৩৮. লিংকন মেমোরিয়াল, যুক্তরাষ্ট্র
৩৯. মন্টেরে বে অ্যাকুয়ারিয়াম, যুক্তরাষ্ট্র
৪০. সিডনি হারবার ব্রিজ, অস্ট্রেলিয়া
৪১. রোমান বাথস, যুক্তরাজ্য
৪২. নিউশভানস্টাইন ক্যাসল, জার্মানি
৪৩. পিয়াজা সান মার্কো, ইতালি
৪৪. স্ট্যাচু অব লিবার্টি, যুক্তরাষ্ট্র
৪৫. ওয়াওয়েল ক্যাসল, পোল্যান্ড
৪৬. কলোসিয়াম, ইতালি
৪৭. প্রাগ অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, চেক প্রজাতন্ত্র
৪৮. আলহাম্বরা প্রাসাদ, স্পেন
৪৯. কার্ডিফ ক্যাসল (প্রাঙ্গণ), যুক্তরাজ্য
৫০. মোল আন্তোনেলিয়ানা, ইতালি