গত বছরের রক্তাক্ত হামলার স্মৃতি এখনও তাজা। সেই আতঙ্ক কাটিয়ে জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পহেলগামে এবার পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে চালু হলো কিউআর কোডভিত্তিক পরিচয় ব্যবস্থা। প্রশাসনের দাবি, এই উদ্যোগে পরিষেবা নেওয়ার আগে সহজেই যাচাই করা যাবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, ফলে বাড়বে আস্থা ও নিরাপত্তা।
এখন থেকে পহেলগামে ভ্রমণে গিয়ে অচেনা গাইড, পনি-রাইড অপারেটর বা হকারদের উপর নির্ভর করতে হবে না অন্ধভাবে। স্মার্টফোনে একটি কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আধার তথ্য, রেজিস্ট্রেশন নম্বর, কাজের এলাকা এবং পুলিশ যাচাইয়ের বিবরণ।
প্রশাসন সূত্রে জানা গেছে, এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব পরিষেবাদাতাকে। স্থানীয় গাইড, পনি-রাইড অপারেটর, দোকানদার, হকার এবং বাইরের রাজ্য থেকে আসা বিক্রেতাদের নথি যাচাই করে তবেই দেওয়া হয়েছে ইউনিক কিউআর কোড। ফলে প্রতারণা বা পরিচয় গোপনের সুযোগ কমবে বলে মনে করা হচ্ছে।
গত বছরের এপ্রিল মাসে বৈসরণী ভ্যালিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় পনি-রাইড চালকের মৃত্যু হয়। সেই ঘটনার পর পহেলগামের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন ওঠে। পর্যটকদের সংখ্যা কমে যায় উল্লেখযোগ্যভাবে। এই প্রেক্ষাপটে আস্থা ফেরাতে এবং পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন পদক্ষেপ নেয় প্রশাসন।
এক প্রশাসনিক আধিকারিক জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি, পর্যটকদের মধ্যে বিশ্বাস তৈরি করাও জরুরি ছিল। কিউআর কোড ব্যবস্থা সেই কাজেই সাহায্য করবে।
স্থানীয় পরিষেবাদাতারাও উদ্যোগটিকে ইতিবাচকভাবে দেখছেন। পনি-রাইড অপারেটর গুলাম হাসান বলেন, সব নথি যাচাইয়ের পরই কিউআর কোড দেওয়া হয়েছে। এতে পর্যটকরা নিশ্চিন্তে পরিষেবা নিতে পারবেন। নিরাপত্তা বাহিনী নিয়মিত এই কোড পরীক্ষা করে বলেও জানান তিনি।
অন্য এক বিক্রেতার কথায়, স্থানীয়দের পাশাপাশি বাইরের রাজ্যের ব্যবসায়ীরাও একই নিয়মের আওতায় এসেছে। এতে নিরাপত্তার কোনও ফাঁক থাকার সম্ভাবনা কমেছে।