বাংলাদেশের পর্যটন খাতকে গতিশীল করতে সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারা কাজে লাগিয়ে বিনিয়োগ, সংযোগ এবং পর্যটন বিনিময় বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ বিন আবিয়া।
রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এ আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। পর্যটন খাতে সহযোগিতা বাড়াতে যৌথ উদ্যোগ, বিনিয়োগ এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবের নতুন এয়ারলাইনস ‘রিয়াদ এয়ার’-এর বাংলাদেশে স্টেশন চালু এবং সরাসরি ফ্লাইট পরিচালনার আগ্রহের কথা জানান। এতে দুই দেশের মধ্যে যাত্রী চলাচল ও ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আন্তর্জাতিক সংযোগ বাড়ানো গেলে পর্যটন শিল্পের বিকাশ আরও ত্বরান্বিত হবে।