পর্যটনের ভিড়, কোলাহল আর কৃত্রিম আলোর বাইরে দাঁড়িয়ে যদি প্রকৃতিকে একেবারে নিজের মতো করে দেখতে চান, তাহলে চর হেয়ার হতে পারে আদর্শ ঠিকানা। বঙ্গোপসাগরের একেবারে গা ঘেঁষে জেগে ওঠা এই দ্বীপ এখনো মূলধারার পর্যটন মানচিত্রে তেমনভাবে জায়গা করে নেয়নি। অথচ চারদিকে জলরাশি, খোলা আকাশ, অতিথি পাখির ডাক আর নির্জন সৈকত মিলিয়ে চর হেয়ার যেন প্রকৃতির এক নিঃশব্দ প্রদর্শনী।
অবস্থান ও পরিচিতি
বরিশালের ‘সাগরকন্যা’ খ্যাত জেলা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অবস্থিত এই দ্বীপটি স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে পরিচিত ছিল কলাগাছিয়ার চর নামে। তবে সাম্প্রতিক সময়ে পর্যটকদের কাছে এটি পরিচিত হয়ে উঠছে চর হেয়ার নামে। দ্বীপটির পূর্ব পাশে বন বিভাগের সংরক্ষিত বনভূমি সোনারচর, পশ্চিমে চর তুফানিয়া, উত্তরে টাইগারদ্বীপ এবং কাছেই রয়েছে চর কাশেম।
কুয়াকাটা থেকে সাগরপথে চর হেয়ারের দূরত্ব প্রায় ৩৫.১৯ কিলোমিটার। রাঙ্গাবালী উপজেলা সদর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই এই দ্বীপের অবস্থান।
আয়তন ও প্রাকৃতিক বৈশিষ্ট্য
গুগল আর্থের তথ্য অনুযায়ী চর হেয়ারের আয়তন প্রায় ৪০৩ হেক্টর। এর মধ্যে রয়েছে প্রায় চার কিলোমিটার দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত। চরের ভেতরে হাতেগোনা কয়েকটি পরিবারের বসবাস, কিছু কৃষিজমি ও মাছের ঘের ছাড়া বড় কোনো স্থাপনা নেই। নেই শহরের কোলাহল, নেই রাতভর আলো। এই নির্জনতাই চর হেয়ারের সবচেয়ে বড় আকর্ষণ।
কীভাবে যাবেন
ঢাকা থেকে চর হেয়ার যাওয়ার সবচেয়ে সহজ ও সরাসরি পথ হলো লঞ্চে চরমন্তাজ পৌঁছানো।
প্রতিদিন রাত পৌনে ৯টায় ঢাকা সদরঘাট থেকে রেডসান, পুবালি ও আসা-যাওয়া লঞ্চ চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যায়
লঞ্চগুলো খুব বেশি বিলাসবহুল না হলেও চরাঞ্চলে যাওয়ার জন্য কার্যকর
চরমন্তাজ পৌঁছে পরদিন সেখান থেকে ট্রলার বা স্পিডবোটে চর হেয়ারে যেতে হয়
চরমন্তাজ থেকে চর হেয়ার পুরোটা পথই নদী ও সাগরপথ। স্থানীয়ভাবে সহজেই ট্রলার ও স্পিডবোট পাওয়া যায়। ভাড়া সাধারণত নৌযানের আকার অনুযায়ী ১,০০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে।
শীত মৌসুমে সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় এই সময় যাতায়াত নিরাপদ। বর্ষা ও গ্রীষ্মে সাগর উত্তাল থাকায় যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। আবহাওয়া দেখে পরিকল্পনা করাই সবচেয়ে ভালো।
চরমন্তাজ থেকে প্রতিদিন দুপুর ১টায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। চাইলে বিকল্পভাবে পটুয়াখালী হয়ে ফেরার সুযোগও আছে।
কোথায় থাকবেন
চর হেয়ার মূলত অ্যাডভেঞ্চার ও প্রকৃতিপ্রেমী পর্যটকদের জন্য। এখানে কোনো রিসোর্ট বা হোটেল নেই।
তাঁবুতে থাকা সবচেয়ে প্রচলিত
নিজের তাঁবু নিতে পারেন, অথবা ভাড়া নিলে খরচ পড়বে ৩০০–৪০০ টাকা
স্থানীয় উদ্যোগে সীমিত হোমস্টে সার্ভিস আছে
হোমস্টেতে এক রাতে খরচ প্রায় ১,০০০ টাকা, একসঙ্গে ৪ জন থাকতে পারবেন
কোথায় খাবেন
এখানে খাবারের জন্য পুরোপুরি স্থানীয় ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। আগে থেকেই জানিয়ে দিতে হয় কী খাবেন।
সাধারণত পাওয়া যায়—
ডিম, ডাল, খিচুড়ি
সামুদ্রিক মাছ (পাওয়া গেলে)
হাঁস ও মুরগির রান্না
লোকাল রান্নার স্বাদই চর হেয়ার ভ্রমণের আলাদা অভিজ্ঞতা।