ঈদুল ফিতরের ছুটি ঘিরে সিলেটে পর্যটকের ঢল নামার প্রত্যাশা থাকলেও বাস্তবে চিত্র ছিল ভিন্ন। আগের বছরের তুলনায় দর্শনার্থীর উপস্থিতি কম থাকায় পর্যটন খাতের ব্যবসায়ীরা পড়েছেন হতাশায়। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটসহ নানা কারণে ভ্রমণ পরিকল্পনা কমেছে, যার প্রভাব পড়েছে পুরো খাতে।

ঈদের ছুটিতে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সিলেট। জাফলং, রাতারগুল, সাদাপাথর ও বিস্তীর্ণ চা বাগান ঘিরে প্রতিবছরই থাকে পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে এবার সেই চেনা দৃশ্য দেখা যায়নি।

হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স গ্রুপ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি সোমাত নূরী চৌধুরী জানান, জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলেছে মানুষের ভ্রমণ পরিকল্পনায়। আগের বছরের তুলনায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম ছিল।

একই কথা বলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র প্রেসিডেন্ট ফালাহ উদ্দিন আলী আহমেদ। তিনি জানান, জ্বালানি সংকটের কারণে বাইরের পর্যটকদের গাড়ির সংখ্যা কমে গেছে। অনেকেই হোটেলে না থেকে সরাসরি ঘুরে ফিরে গেছেন। ফলে আবাসন ও সংশ্লিষ্ট খাতে প্রত্যাশিত ব্যবসা হয়নি।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, এবারের ঈদুল ফিতরের ছুটিতে সিলেট অঞ্চলে প্রায় ১৯ লাখ ৬১ হাজার পর্যটকের সমাগম হয়েছে। তবে এই সংখ্যা আগের বছরের তুলনায় কম এবং ব্যয়ও ছিল সীমিত।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ছিল। সিলেট রিজিয়ন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার চৌধুরী জানান, ঈদ উপলক্ষে পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।