ঈদের ছুটিতে ভিড় এড়িয়ে কাছাকাছি কোথাও ঘুরতে চাইলে রাজধানীর পাশের জেলা নারায়ণগঞ্জ হতে পারে আদর্শ গন্তব্য। ইতিহাস, প্রকৃতি আর আধুনিক বিনোদনের মিশেলে গড়ে ওঠা এই জেলায় একদিনেই ঘুরে দেখার মতো রয়েছে বেশ কিছু আকর্ষণীয় স্থান। পরিবার বা বন্ধুদের সঙ্গে স্বল্প খরচে আনন্দঘন সময় কাটাতে তাই ঈদে অনেকেরই পছন্দ নারায়ণগঞ্জ।

জিন্দা পার্ক
রূপগঞ্জের দাউদপুরে প্রায় ১৫০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্ক সবুজে ঘেরা শান্ত পরিবেশের জন্য পরিচিত। প্রায় ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশি গাছ, পাঁচটি জলাধার, টংঘর, লাইব্রেরি ও নৌবিহারের সুযোগ দর্শনার্থীদের টানে। স্থানীয়দের উদ্যোগে দীর্ঘদিনের প্রচেষ্টায় গড়ে ওঠা পার্কটি পিকনিক ও ডে-আউটের জন্য জনপ্রিয়।

জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক
আধুনিক বিনোদনের জন্য রূপগঞ্জের জলসিঁড়ি পার্ক বেশ জনপ্রিয়। এখানে রয়েছে প্যাডেল বোট, স্পিডবোট, কিডস জোন, থ্রিডি থিয়েটার ও কৃত্রিম জলপ্রপাত। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি একটি সুবিধাজনক স্পট। শুক্রবার সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকে।

পানাম নগর ও লোকশিল্প জাদুঘর
সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগর প্রাচীন বণিক শহরের নিদর্শন হিসেবে পরিচিত। সারিবদ্ধ পুরনো ভবন আর নান্দনিক স্থাপত্য দর্শনার্থীদের আকর্ষণ করে। পাশেই রয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, যেখানে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির নানা নিদর্শন সংরক্ষিত আছে।

হাজীগঞ্জ দুর্গ ও ঐতিহাসিক নিদর্শন
বন্দর উপজেলার মুঘল আমলের হাজীগঞ্জ দুর্গ শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এর স্থাপত্যশৈলী ও অবস্থান ইতিহাসপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। কাছাকাছি সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিও রয়েছে, যা প্রাচীন স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন।

সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক ও আশপাশের আকর্ষণ
ভুলতায় অবস্থিত সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক আধুনিক রাইড, ওয়াটার পার্ক ও পিকনিক সুবিধার জন্য পরিচিত। এছাড়া সোনারগাঁয়ের বারদী লোকনাথ আশ্রম আধ্যাত্মিক পরিবেশের জন্য জনপ্রিয়। প্রকৃতিপ্রেমীদের জন্য বন্দর উপজেলার সাবদি গ্রামের ফুলের ক্ষেত কিংবা মেঘনার বুকে জেগে ওঠা মায়াদ্বীপও আকর্ষণীয় ভ্রমণস্থান।

নারায়ণগঞ্জের আরেকটি বিশেষ দিক হলো সহজ যাতায়াত। ঢাকা থেকে অল্প সময়েই পৌঁছানো যায়, ফলে একদিনেই একাধিক স্থান ঘুরে দেখা সম্ভব। ঈদের ছুটিতে ভ্রমণ পরিকল্পনায় তাই এই জেলাটি হতে পারে সহজ, সাশ্রয়ী এবং বৈচিত্র্যময় একটি গন্তব্য।