ঈদুল ফিতরের ছুটিতে ভ্রমণপিপাসুদের ঢল নামার আগেই প্রস্তুত বাগেরহাট। ইতিহাসের গর্ব আর প্রকৃতির অপার সৌন্দর্য একসঙ্গে উপভোগের সুযোগ দিতে জেলার ১৬টি পর্যটন স্পটে নেওয়া হয়েছে বিস্তৃত প্রস্তুতি। বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়া ষাটগম্বুজ মসজিদ থেকে শুরু করে সুন্দরবনের গভীর অরণ্য পর্যন্ত পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করছে সমন্বিতভাবে।
ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে চলছে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনের কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ ছুটির কারণে এ বছর পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সে কারণে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলায় ছড়িয়ে থাকা সুলতানি আমলের গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যেও প্রস্তুতি চলছে। সিংগাইর মসজিদ, নয়গম্বুজ মসজিদ, জিন্দাপীর মসজিদ এবং অযোধ্যা মঠসহ মোট ৯টি প্রত্নস্থলে পর্যটকদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি হজরত খানজাহান আলী রহ.-এর মাজার ও সংলগ্ন দিঘি এলাকায়ও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থা।
প্রকৃতিপ্রেমীদের জন্য সুন্দরবনের সাতটি প্রধান পর্যটনকেন্দ্র করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলারচর, আন্দারমানিক ও আলীবান্দা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে বিশেষ সাজসজ্জা ও কিছু নতুন আকর্ষণ যুক্ত করা হয়েছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি অভিজ্ঞতা তৈরি করবে।
বন বিভাগ জানায়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বনরক্ষীদের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় সচেতন ভ্রমণের আহ্বান জানানো হয়েছে। সুন্দরবনের সংবেদনশীল পরিবেশে ভ্রমণের সময় নির্ধারিত নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বেসরকারি পর্যটন স্পটগুলোতেও উৎসবের আমেজ। সদর উপজেলার হাকিমপুরে তাজমহলের আদলে নির্মিত চন্দ্রমহল ইকোপার্ক, বারাকপুরের সুন্দরবন রিসোর্ট সেন্টার এবং শহরের দশানী পার্কে নতুন রাইড ও বিনোদনের উপকরণ যুক্ত হয়েছে। এতে পরিবারভিত্তিক ভ্রমণকারীদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, জেলার সব গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে বিশেষ টহল টিম মোতায়েন থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে, এবারের ঈদে ইতিহাস ও প্রকৃতির সমন্বয়ে বাগেরহাট প্রস্তুত এক প্রাণবন্ত ভ্রমণ মৌসুমের জন্য।