ঈদের ছুটি অনেকের কাছেই ভ্রমণের সেরা সময়। ব্যস্ত শহুরে জীবন থেকে কয়েক দিনের জন্য দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান অনেকে। কিন্তু বেশি খরচ বা দীর্ঘ পরিকল্পনার ঝামেলায় অনেক সময় সেই ইচ্ছা পূরণ হয় না।

অল্প বাজেটেই পাহাড়, নদী, সবুজ বন আর বৈচিত্র্যময় সংস্কৃতির অভিজ্ঞতা পেতে চাইলে নেত্রকোণার দুর্গাপুর ও কলমাকান্দা হতে পারে আদর্শ গন্তব্য। সীমান্তঘেঁষা এই অঞ্চলগুলোতে রয়েছে স্বচ্ছ নদী, সাদামাটির পাহাড়, ঝর্ণা, আদিবাসী সংস্কৃতি এবং নিরিবিলি প্রকৃতির অপার সৌন্দর্য। ঈদের ছুটিতে এক বা দুই দিনের ভ্রমণে এসব জায়গা সহজেই ঘুরে দেখা সম্ভব।

পাহাড় ও নদীর সৌন্দর্যে দুর্গাপুর

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটন এলাকা। পাহাড়, নদী এবং স্থানীয় সংস্কৃতির অনন্য সমন্বয় এখানে ভ্রমণকারীদের আলাদা অভিজ্ঞতা দেয়।

জেলা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরের দুর্গাপুরে সিএনজিচালিত অটোরিকশা বা মোটরসাইকেলে সহজেই যাওয়া যায়। জনপ্রতি যাতায়াত খরচ সাধারণত ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে।

দুর্গাপুরে পৌঁছে সোমেশ্বরী নদী পার হয়ে ব্যাটারিচালিত অটোরিকশা বা মোটরসাইকেলে ঘুরে দেখা যায় আশপাশের বিভিন্ন পর্যটন স্পট। স্থানীয় যাতায়াতে পরিবার বা ছোট দলে খরচ হতে পারে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা। এছাড়া বিজয়পুর সীমান্ত এলাকায় নৌকা ভাড়া করে জিরো পয়েন্ট ঘুরে দেখার সুযোগ রয়েছে। নৌকা ভ্রমণে খরচ পড়ে প্রায় ৫০০ থেকে ১৫০০ টাকা।

সাদামাটির পাহাড়

দুর্গাপুর উপজেলার বিজয়পুরে অবস্থিত সাদামাটির পাহাড় বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় হিসেবে পরিচিত। মাটির ভিন্ন ভিন্ন রঙ এই পাহাড়কে দিয়েছে অনন্য সৌন্দর্য।

কোথাও সাদা, কোথাও লাল, আবার কোথাও হালকা নীলাভ আভা দেখা যায়। পাহাড়ের পাদদেশে রয়েছে একটি লেক। আকাশের রং ও পাহাড়ের প্রতিফলনের কারণে লেকের পানিতেও রঙের পরিবর্তন লক্ষ্য করা যায়। পাহাড় ও লেক মিলিয়ে এখানে তৈরি হয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য।

সোমেশ্বরী নদী

ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা বিভিন্ন ঝরনার পানি মিলেই সৃষ্টি হয়েছে সোমেশ্বরী নদীর। বিজয়পুর ও ভবানীপুর এলাকা দিয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে।

স্বচ্ছ পানির জন্য সোমেশ্বরী নদী বিশেষভাবে পরিচিত। অনেক জায়গায় হাঁটু সমান পানিতেও নিচের বালির স্তর পরিষ্কার দেখা যায়। নদীতে মাঝিদের নৌকা ভ্রমণ, মাছ ধরা কিংবা পর্যটকদের ঘুরে দেখানো এখানে সাধারণ দৃশ্য।

নদীর বালুচরে ঝিনুক ও নুড়ি পাথরও দেখা যায়। নদীর ওপর বাঁশ ও কাঠের তৈরি সাঁকো দিয়ে স্থানীয় মানুষের পাশাপাশি মোটরসাইকেলও চলাচল করে।

রানীখং ঐতিহাসিক ক্যাথলিক গির্জা

সোমেশ্বরী নদীর পাশে একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত রানীখং ক্যাথলিক গির্জা এলাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ধারণা করা হয়, ১৯১০ থেকে ১৯১৫ সালের মধ্যে এটি নির্মিত হয়।

গির্জাটির চারপাশের শান্ত পরিবেশ, পাহাড় এবং নদীর দৃশ্য ভ্রমণকারীদের আকৃষ্ট করে। দুর্গাপুর অঞ্চলে হাজং ও গারো সম্প্রদায়ের বসবাসের কারণে এ এলাকায় কয়েকটি পুরোনো গির্জাও দেখা যায়।

আদিবাসী সংস্কৃতির ছোঁয়া

দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চলে গারো, হাজংসহ কয়েকটি আদিবাসী সম্প্রদায়ের বসবাস রয়েছে। তাদের কৃষিভিত্তিক জীবনধারা, মাতৃতান্ত্রিক সামাজিক কাঠামো এবং নিজস্ব সংস্কৃতি এই অঞ্চলের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে।

সুসং দুর্গাপুর, বিরিশিরি ও আশপাশের গ্রামগুলোতে গেলে এই সংস্কৃতির নানা দিক কাছ থেকে দেখা যায়।

সম্ভাব্য খরচ

দুই দিনের একটি ভ্রমণে দুর্গাপুর ঘুরে দেখতে জনপ্রতি প্রায় ২৭০০ থেকে ৪৮০০ টাকার মধ্যে খরচ হতে পারে।

এর মধ্যে যাতায়াত, স্থানীয় পরিবহন, এক রাতের আবাসন, খাবার এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকে।

সীমান্তঘেঁষা প্রকৃতির টানে চন্দ্রডিঙ্গা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চন্দ্রডিঙ্গা পাহাড়ও ভ্রমণপ্রেমীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এখান থেকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের মেঘালয় পাহাড়ের সারি স্পষ্ট দেখা যায়।

রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও এলাকায় অবস্থিত এই পাহাড়ি অঞ্চল স্থানীয়দের কাছে ‘পাঁচগাঁও টিলা’ নামেও পরিচিত।

জনশ্রুতি অনুযায়ী, অতীতে কোনো এক সময় চাঁদ সওদাগরের একটি নৌকা এখানে ডুবে গিয়েছিল। সেই গল্প থেকেই পাহাড়টির নাম হয়েছে চন্দ্রডিঙ্গা।

চারপাশে পাহাড়, নদী, বনভূমি এবং টিলায় ঘেরা এই এলাকা প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ আকর্ষণীয়।

চন্দ্রডিঙ্গা পাহাড়

চন্দ্রডিঙ্গা পাহাড়ের ওপর উঠে চারপাশের সবুজ পাহাড়, নদী এবং বিস্তৃত প্রকৃতির দৃশ্য উপভোগ করা যায়। শীত বা শুষ্ক মৌসুমে এখানকার দৃশ্য বেশ পরিষ্কার থাকে।

বর্ষাকালে আবার মেঘ ও কুয়াশায় ঢেকে যায় পুরো এলাকা, যা ভ্রমণে অন্যরকম আবহ তৈরি করে।

ঝর্ণা ও ঝিরি

চন্দ্রডিঙ্গা এলাকায় ছোট ছোট ঝর্ণা ও ঝিরি রয়েছে। বর্ষাকালে এসব ঝর্ণায় পানির প্রবাহ বাড়ে। স্বচ্ছ ঝিরির পানিতে হেঁটে চলার অভিজ্ঞতা অনেক ভ্রমণকারীর কাছেই বিশেষ আকর্ষণ।

পাতলা বন

মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে রংছাতি এলাকায় রয়েছে পাতলা বন নামে পরিচিত একটি বনাঞ্চল। দূরের পাহাড়, নদী, ধানের ক্ষেত এবং টিলার সমন্বয়ে এখানে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য।

সাত শহীদের মাজার

লেংগুরা সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থিত সাত শহীদের মাজার। মুক্তিযুদ্ধের সময় এখানে শহীদ হওয়া সাতজন মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়েছে।

মাজারের পাশ দিয়ে বয়ে গেছে গনেশ্বরী নদী, যা স্থানটির ঐতিহাসিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।

মমিনের টিলা

সীমান্তবর্তী এই অঞ্চলের বড় টিলাগুলোর একটি মমিনের টিলা। টিলার ওপর উঠলে দূরের পাহাড়, নদী ও সবুজ প্রকৃতির বিস্তৃত দৃশ্য চোখে পড়ে।

সম্ভাব্য খরচ

এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণে চন্দ্রডিঙ্গা ঘুরে দেখতে জনপ্রতি প্রায় ১৭০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে খরচ হতে পারে।

যাতায়াত, স্থানীয় পরিবহন ও খাবারসহ অন্যান্য খরচ মিলিয়ে স্বল্প বাজেটেই এই ভ্রমণ সম্পন্ন করা সম্ভব।