মধুমতি নদীর বুকে জেগে ওঠা এক বিস্তীর্ণ বালুচর ঘিরে গোপালগঞ্জে তৈরি হয়েছে নতুন আকর্ষণ। জোয়ারে ডুবে থাকা আর ভাটায় ধীরে ধীরে মাথা তোলা এই চর এখন প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর। স্বচ্ছ জলরাশি আর খোলা দিগন্তের মিলনে এলাকাটি অনেকের কাছে হয়ে উঠেছে স্বল্প দূরত্বে ঘুরে আসার অনন্য ঠিকানা। স্থানীয়রা আদর করে এর নাম দিয়েছেন ‘মিনি কক্সবাজার’।
গোপালগঞ্জ ও নড়াইল জেলার মাঝ দিয়ে প্রবাহিত মধুমতি নদীর চর মাটলা খেয়াঘাটের অদূরে গড়ে উঠেছে এই বালুচর। জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের স্থানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্রুত পরিচিতি পায়। এরপর থেকেই আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।
প্রাকৃতিক প্রক্রিয়ায় গড়ে ওঠা এই চর জোয়ারের সময় পুরোপুরি পানিতে তলিয়ে যায়। ভাটার সময় ধীরে ধীরে উন্মোচিত হয় বিস্তীর্ণ বালুর প্রান্তর। দূর থেকে দেখলে মনে হয় নদীর বুকে ভেসে আছে সমুদ্রসৈকতের মতো এক শান্ত প্রান্তর। বিকেলে সূর্যাস্তের আলো পড়লে বালুচর জুড়ে সোনালি আভা ছড়িয়ে পড়ে, যা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
অনেকের মতে, এখানে সমুদ্রের ঢেউ না থাকলেও দীর্ঘ বালুচর, নির্মল বাতাস আর খোলা আকাশ মিলিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা পাওয়া যায়। বালুর ওপর হাঁটা, খেলাধুলা করা কিংবা নদীর জলে গা ভেজানো—সব মিলিয়ে সময় কাটে আনন্দে। বিশেষ করে বিকেলের পর থেকে মানুষের উপস্থিতি বেড়ে যায় চোখে পড়ার মতো।
জালালাবাদ ইউনিয়নের বাসিন্দারা জানান, আগে নির্জন এই চর এখন ছুটির দিনে পরিণত হয় মিলনমেলায়। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকে এখানে সময় কাটাতে আসেন। কেউ ছবি তোলেন, কেউ সূর্যাস্ত উপভোগ করেন, আবার কেউ নিসর্গের নীরবতা খোঁজেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহম্মেদ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নদীতে দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধারের প্রস্তুতিও রাখা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত উদ্যোগে অবকাঠামো উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনা করা গেলে চর মাটলা গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। এতে স্থানীয় অর্থনীতি গতিশীল হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে পরিবেশ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তারা।