বর্ষা মৌসুমে দেশের পাহাড়ি এলাকা, জলপ্রপাত, হাওর ও সমুদ্রসৈকত প্রকৃতির ভিন্ন এক রূপ ধারণ করে। তবে এই সময়ে ভ্রমণের পরিকল্পনা করলে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। গন্তব্যভেদে কিছু বাড়তি সতর্কতা অনুসরণ করলে ভ্রমণ হতে পারে নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দময়।
যাত্রার আগে যা করবেন
ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। ভারী বৃষ্টি, ভূমিধস, বন্যা বা বৈরী আবহাওয়ার সতর্কতা থাকলে ভ্রমণ স্থগিত রাখাই নিরাপদ।
রেইনকোট বা ছাতার পাশাপাশি অতিরিক্ত শুকনা পোশাক রাখুন। দ্রুত শুকায় এমন কাপড় ব্যবহার করলে সুবিধা হবে। সঙ্গে মাইক্রোফাইবার তোয়ালে, প্রয়োজন হলে হেয়ার ড্রায়ার এবং ব্যক্তিগত ওষুধ রাখুন।
প্যারাসিটামল, ব্যথানাশক স্প্রে বা বাম, ব্যান্ডেজ, জীবাণুনাশক ও ক্ষত পরিচর্যার প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখুন। যেখানে রাত যাপন করবেন সেখানে মশারির ব্যবস্থা আছে কি না আগে নিশ্চিত হোন। প্রয়োজনে মশা প্রতিরোধক ক্রিম সঙ্গে রাখুন।
পাহাড়ে ভ্রমণের সময়
পাহাড়ি পথে হাঁটার জন্য ভালো গ্রিপযুক্ত জুতা ব্যবহার করুন। দুর্গম এলাকায় স্থানীয় অভিজ্ঞ পথপ্রদর্শকের সহায়তা নিন এবং তার নির্দেশনা অনুসরণ করুন।
ভারী বৃষ্টির সময় পাহাড়ি ঢাল ও পিচ্ছিল পথে ওঠানামা এড়িয়ে চলুন। কারণ সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
জলপ্রপাতে সতর্কতা
জলপ্রপাতের নিচের পানির কূপ নিরাপদ মনে হলেও সেখানে গভীরতা ও তীব্র স্রোত থাকতে পারে। সাঁতার না জানলে পানিতে নামবেন না।
বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁক থাকা স্বাভাবিক। সম্ভব হলে মোজার ভেতরে প্যান্ট গুঁজে রাখুন। জোঁক লেগে গেলে জোর করে টানবেন না। শক্ত কাগজ দিয়ে আলতোভাবে সরিয়ে ফেলুন অথবা লবণ কিংবা হলুদ ব্যবহার করুন।
সমুদ্রসৈকতে নিরাপত্তা
সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটা ও আবহাওয়ার বর্তমান অবস্থা জেনে নিন।
লাল নিশান টাঙানো এলাকায় পানিতে নামবেন না। সাঁতার না জানলে অবশ্যই জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহার করুন এবং দায়িত্বপ্রাপ্ত উদ্ধারকর্মীদের নির্দেশনা মেনে চলুন। নির্জন সৈকতে একা সমুদ্রে নামা থেকে বিরত থাকুন।
হাওর ভ্রমণে করণীয়
হাওর এলাকায় যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা জেনে নিন। হাউসবোটে পর্যাপ্ত জীবনরক্ষাকারী জ্যাকেট আছে কি না নিশ্চিত করুন।
নৌকা বা হাউসবোট থেকে হঠাৎ লাফ দেওয়া কিংবা একেবারে কিনারায় বসা ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা নিশ্চিত করে চলাফেরা করুন।
বর্ষার ভ্রমণ উপভোগ্য করতে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি নিজের ও সহযাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি। পরিকল্পিত প্রস্তুতি এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে বর্ষার ভ্রমণ হতে পারে স্মরণীয় ও নিরাপদ।
গুরুত্বপূর্ণ তথ্য
- ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস দেখুন।
- পাহাড় ও জলপ্রপাত এলাকায় স্থানীয় নির্দেশনা মেনে চলুন।
- সমুদ্র ও হাওরে জীবনরক্ষাকারী জ্যাকেট ব্যবহারে গুরুত্ব দিন।
- বৈরী আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান এড়িয়ে চলুন।