বসন্ত পুরোপুরি আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি থাকলেও আগুনরাঙা রঙে আগেভাগেই প্রকৃতির রঙিন বার্তা পৌঁছে দিয়েছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুল বাগান। ফেব্রুয়ারির শুরু থেকেই লাল টকটকে শিমুল ফুলে ভরে উঠেছে বাগানের প্রতিটি ডাল। দূর থেকে তাকালেই মনে হয় যেন চারদিকে আগুনের লেলিহান শিখা জ্বলছে। এই অনন্য দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় মানুষ ও দূরদূরান্ত থেকে আসা প্রকৃতিপ্রেমী পর্যটকরা।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও এলাকায় অবস্থিত এই শিমুল বাগানটি প্রায় ১০০ বিঘা জমির ওপর গড়ে তোলা। এখানে ছোট বড় মিলিয়ে তিন হাজারেরও বেশি শিমুল গাছ রয়েছে। ২০০৩ সালে বাণিজ্যিক উদ্যোগ হিসেবে প্রয়াত ইউপি চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন এই বাগানটি প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে সঙ্গে গাছগুলো বড় হয়ে ফুল ফোটাতে শুরু করলে এটি দ্রুতই পরিচিতি পায় এবং একপর্যায়ে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান হিসেবেও পরিচিত হয়ে ওঠে।

প্রতি বছর বসন্ত মৌসুম এলেই এখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিশেষ করে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দর্শনার্থীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এবছর তুলনামূলকভাবে একটু আগেই ফুল ফুটেছে বলে জানিয়েছেন বাগানের মালিক জয়নাল আবেদিনের ছেলে ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন। তিনি বলেন, ফেব্রুয়ারির শুরু থেকেই দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। অনেক মানুষ শুধু শিমুল ফুল দেখতেই এখানে আসেন।

স্থানীয় বাসিন্দা শরীফ উদ্দিন জানান, শিমুল বাগান এখন এই এলাকার অন্যতম পর্যটন আকর্ষণ। ফুলের মৌসুমে মানুষের ঢল নামলে আশপাশের দোকান, খাবারের হোটেল ও যানবাহন ব্যবসায়ীরা লাভবান হন। বসন্ত এলেই পুরো এলাকায় এক ধরনের প্রাণচাঞ্চল্য তৈরি হয়।

সিলেট থেকে আসা পর্যটক সুমি আক্তার বলেন, লাল শিমুল ফুলে পুরো বাগানটা অসাধারণ লাগছে। ছবি তোলার জন্য জায়গাটা দারুণ। প্রকৃতি উপভোগ করার পাশাপাশি পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি আদর্শ একটি স্পট।

তবে এবছর আনন্দের সঙ্গে কিছুটা অনিশ্চয়তাও যুক্ত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন থাকায় ওই দিন নিরাপত্তা ও প্রশাসনিক ব্যস্ততার কারণে পর্যটক কিছুটা কম হতে পারে বলে ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোট নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। নির্বাচন শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকরা নিশ্চিন্তে শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন।