সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, উত্তরাঞ্চলের ক্রমবর্ধমান শিল্প, বাণিজ্য ও যাত্রীচাহিদা বিবেচনায় নিয়ে সরকার বিমানবন্দরটির উন্নয়ন পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছে।

বুধবার (২০ মে) সকাল ৯টার দিকে সৈয়দপুর বিমানবন্দর-এ অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নতুন বিমানবন্দর স্থাপন ও বিদ্যমান বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে যেসব বিমানবন্দরে যাত্রীসেবা, যোগাযোগ ও বাণিজ্যিক সম্ভাবনা বেশি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের কৌশলগত গুরুত্ব রয়েছে। এ অঞ্চলে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সুযোগ তৈরি হলে স্থানীয় অর্থনীতি, পর্যটন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে।

সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণের বিষয়ে আফরোজা খানম জানান, রানওয়ে ও অবকাঠামো উন্নয়নের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া পবিত্র ঈদুল আজহার পর শুরু হতে পারে।