যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের অ্যাপলটন শহর এখন ধীরে ধীরে মধ্যপশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যুব ক্রীড়া পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। স্থানীয় ক্রীড়া টুর্নামেন্টকে ঘিরে বাড়ছে দর্শনার্থী, আর সেই সঙ্গে রেকর্ড পরিমাণ অর্থ ব্যয় করছেন পর্যটকেরা।
ফক্স সিটিজ কনভেনশন অ্যান্ড ভিজিটরস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফক্স সিটিজ এলাকায় ক্রীড়া পর্যটকদের ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড ১৪ দশমিক ১ মিলিয়ন ডলারে। গত এক দশকে এ খাতে ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।
ব্যুরোর স্পোর্টস মার্কেটিং পরিচালক ম্যাট টেন হ্যাকেন বলেন, বছরের প্রায় প্রতিটি সপ্তাহান্তেই ফক্স সিটিজে কোনো না কোনো ক্রীড়া আয়োজন থাকে। এসব প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড় ও তাদের পরিবার স্থানীয় হোটেল, রেস্তোরাঁ, দোকান ও বিনোদনকেন্দ্রে অর্থ ব্যয় করছেন। এতে পুরো অঞ্চলের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ছে।
২০১৯ সালের শেষ দিকে কমিউনিটি ফার্স্ট চ্যাম্পিয়ন সেন্টার চালু হওয়ার পর অ্যাপলটন বছরজুড়ে যুব ক্রীড়ার কেন্দ্র হিসেবে আরও জনপ্রিয় হয়ে ওঠে। মার্চ থেকে জুলাই পর্যন্ত এখানে অ্যামেচার অ্যাথলেটিক ইউনিয়নের বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া নভেম্বর থেকে মার্চের শুরু পর্যন্ত চলে ভলিবল ও হকি টুর্নামেন্ট।
বর্তমানে প্রায় প্রতি সপ্তাহান্তেই এই ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজন করা হয়। গড়ে প্রতি সপ্তাহে ১০০ থেকে ১৫০টি দল অংশ নেয়, যার প্রায় দুই-তৃতীয়াংশই বাইরের অঞ্চল থেকে আসে। এতে প্রতি সপ্তাহে প্রায় ৬০০ থেকে ১ হাজার খেলোয়াড় অ্যাপলটনে আসছেন। তাদের সঙ্গে পরিবারের সদস্যরাও ভ্রমণ করছেন।
কমিউনিটি ফার্স্ট চ্যাম্পিয়ন সেন্টারের জেনারেল ম্যানেজার অ্যাডাম লিগাকি বলেন, বাড়তি চাহিদা সামাল দিতে স্থানীয় স্কুল ও অন্যান্য কোর্টও ব্যবহার করতে হচ্ছে। তবে এখন তারা এমন অবস্থায় পৌঁছেছেন, যেখানে অতিরিক্ত জায়গা ছাড়া আরও দল নেওয়া সম্ভব হচ্ছে না।
চাহিদা বৃদ্ধির কারণে ২০২৮ সালের মধ্যে আরও চারটি বাস্কেটবল কোর্ট যুক্ত করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রটির। এ প্রকল্পে রাজ্যের করদাতাদের অর্থায়নে দেওয়া ৮ লাখ ডলারের অনুদানও সহায়তা করবে।
অ্যাপলটনের উত্তর পাশে অবস্থিত ইউএসএ ইয়ুথ স্পোর্টস কমপ্লেক্সও ক্রীড়া পর্যটনে বড় ভূমিকা রাখছে। এখানে রয়েছে ১৫টি পূর্ণাঙ্গ সকার মাঠ ও চারটি বেসবল মাঠ।
উইসকনসিন ইউনাইটেডের সকার কোচ ডেনিস এসপোসিটো জানান, গত বছর প্রায় দেড় হাজার দল ফক্স সিটিজ এলাকায় খেলতে এসেছে। এর মধ্যে প্রায় অর্ধেক দলই অন্য অঞ্চল থেকে ভ্রমণ করে এসেছে।
উইসকনসিন ইউনাইটেডের নির্বাহী পরিচালক এরিক গেবহার্ড বলেন, তারা ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে চান এবং ভবিষ্যতেও ক্রীড়া আয়োজন আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ফক্স সিটিজ সম্প্রতি জাতীয় পর্যায়েও স্বীকৃতি পেয়েছে। ৫ লাখের কম জনসংখ্যার শহরগুলোর মধ্যে বর্ষসেরা স্পোর্টস ট্যুরিজম অর্গানাইজেশন হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে অঞ্চলটি। প্রায় ৪০০ শহরের প্রতিযোগিতায় এই স্বীকৃতি অর্জন করে ফক্স সিটিজ।