মালদ্বীপের জনপ্রিয় পর্যটন অঞ্চল ভাভু অ্যাটলে ডাইভিং করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতির মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর প্রায় ১টা ৪৫ মিনিটে পর্যটকদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
দেশটির সংবাদমাধ্যম ‘দ্য এডিশন’-এর প্রতিবেদনে বলা হয়, বিদেশি পরিচালিত ‘ডিউক অব ইয়র্ক’ নামের একটি লাইভঅ্যাবোর্ড জাহাজে থাকা পর্যটকেরা আলিমাথা এলাকার কাছে ডাইভিং করতে সমুদ্রে নামেন। সকালে ডাইভিং শুরু করলেও নির্ধারিত সময়ের মধ্যে তারা ফিরে না আসায় জাহাজের ক্রুরা বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
এরপর কোস্টগার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান চালায়। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মালদ্বীপ পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। তবে ডাইভিং সংশ্লিষ্ট কিছু বিশেষজ্ঞের ধারণা, দীর্ঘ সময় উচ্চচাপের অক্সিজেন গ্রহণের কারণে ‘অক্সিজেন টক্সিসিটি’ তৈরি হয়ে থাকতে পারে। এ ধরনের পরিস্থিতিতে শরীরের টিস্যু ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে দুর্ঘটনার সময় ওই এলাকার আবহাওয়া অনুকূলে ছিল না। মালদ্বীপ আবহাওয়া অধিদপ্তর ভাভু অ্যাটল অঞ্চলে ইয়েলো অ্যালার্ট জারি করেছিল। ফলে সমুদ্রে স্রোত ও ঢেউ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মালদ্বীপ বিশ্বের অন্যতম জনপ্রিয় ডাইভিং গন্তব্য হিসেবে পরিচিত। প্রতিবছর হাজারো বিদেশি পর্যটক দেশটির প্রবালদ্বীপ ও সামুদ্রিক জীববৈচিত্র্য দেখতে সেখানে ভ্রমণ করেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিকূল আবহাওয়া ও নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করলে ডাইভিংয়ের মতো অ্যাডভেঞ্চার কার্যক্রমে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।