ডিজিটাল ভ্রমণবিষয়ক কনটেন্ট ও স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন সাংবাদিক আবু মোহাম্মদ সালাহউদ্দীন সুমন। ‘বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫’-এ তাকে সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ)।
সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। দেশের ভ্রমণ লেখক, নির্মাতা ও পর্যটনসংশ্লিষ্ট সৃজনশীল ব্যক্তিদের অন্যতম সংগঠন হিসেবে পরিচিত বিটিডব্লিউএ। পর্যটন খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে নিয়মিত এ আয়োজন করে আসছে সংগঠনটি।
সম্মাননা গ্রহণের পর সালাহউদ্দীন সুমন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এমন একটি প্ল্যাটফর্ম থেকে স্বীকৃতি পাওয়া তার জন্য গর্বের। অনুষ্ঠানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণপ্রেমী ও গুণীজনদের কাজ তাকে অনুপ্রাণিত করে বলেও উল্লেখ করেন তিনি।
সুমন বলেন, খ ম হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব ও জিয়া হকের মতো ব্যক্তিত্বদের সঙ্গে একই মঞ্চে সম্মাননা ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তায় বিটিডব্লিউএর সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, দেশে গুণী মানুষকে মৃত্যুর পর মূল্যায়নের প্রবণতা রয়েছে। তবে বিটিডব্লিউএ বিশ্বাস করে, একজন মানুষের কাজের স্বীকৃতি তার জীবদ্দশাতেই দেওয়া উচিত।
এবারের আয়োজনে আরও কয়েকটি বিভাগে সম্মাননা দেওয়া হয়। ভ্রমণ সাহিত্যে পুরস্কার পান মাহফুজুর রহমান। অ্যাডভেঞ্চার ভ্রমণ বিভাগে সম্মাননা পান মুনতাসির মামুন। আলোকচিত্রে পুরস্কৃত হন মোস্তাফিজ মামুন। সৃজনশীল শিল্প নির্দেশনায় সম্মাননা পান আনিসুজ্জামান সোহেল। এছাড়া সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে নির্বাচিত হয় ‘ভ্রমণ গদ্য’।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসান হাবীব, খ ম হারুন, এএইচএম সফিকুজ্জামান এবং মহিউদ্দিন হেলাল।
বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীল কাজকে উৎসাহিত করতে প্রতি দুই বছর পরপর এ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে বিটিডব্লিউএ।