পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাত নিয়ে নেতিবাচক প্রচার ও ভীতি ছড়িয়ে এ অঞ্চলের সম্ভাবনাকে থামিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, পাহাড়ে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে এবং এ খাতকে ঘিরে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরি হয়েছে।
রোববার রাতে বার্গী লেকভ্যালী রিসোর্ট-এ রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন রাঙ্গামাটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাঙ্গামাটি দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হলেও প্রত্যাশিত উন্নয়ন এখনো হয়নি। শুধু দেশীয় পর্যটকের ওপর নির্ভর করলে হবে না, বিদেশি পর্যটক আকর্ষণের দিকেও গুরুত্ব দিতে হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বাড়বে এবং জাতীয় অর্থনীতিতে পর্যটন খাতের অবদান আরও শক্তিশালী হবে।
তিনি জানান, পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের যাতায়াতে কিছু প্রশাসনিক ও নীতিগত প্রতিবন্ধকতা রয়েছে। এসব বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে এবং আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার রয়েছে বলেও মন্তব্য করেন দীপেন দেওয়ান। তিনি বলেন, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করলে বিভ্রান্তি দূর হবে এবং কেউ আর “জুজুর ভয়” দেখিয়ে পর্যটন খাতকে পিছিয়ে রাখতে পারবে না।
মন্ত্রী আরও বলেন, কাপ্তাই লেক-কে ঘিরেও সরকারের বিশেষ পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তিন পার্বত্য জেলায় পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য দেন রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন রাঙ্গামাটির সভাপতি তনয় দেওয়ান, সহসভাপতি ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক সুমেত চাকমা এবং বাপ্পি তঞ্চগ্যা প্রমুখ।