বিদেশ ভ্রমণের পরিকল্পনা করলেই সবচেয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায় বিমানভাড়া। বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিভিন্ন রুটে ফ্লাইট কমে যাওয়ায় চলতি বছরে আকাশপথে ভ্রমণ আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস ইতোমধ্যে অতিরিক্ত জ্বালানি চার্জ যোগ করেছে। ফলে কম খরচে ফ্লাইট খুঁজে পাওয়া এখন ভ্রমণকারীদের জন্য বড় চ্যালেঞ্জ।

তবে প্রযুক্তির সুবিধায় এখন কয়েকটি অ্যাপ ব্যবহার করেই সহজে কম দামের টিকিটের খোঁজ পাওয়া যায়। কিছু অ্যাপ ভাড়ার পরিবর্তন জানায়, আবার কিছু অ্যাপ ভবিষ্যতে ভাড়া কমবে কি না, সে সম্পর্কেও পূর্বাভাস দেয়। ভ্রমণ পরিকল্পনা সহজ করতে জনপ্রিয় পাঁচটি অ্যাপ নিয়ে এই আয়োজন।

গোয়িং

ফ্লাইট অ্যালার্টের জন্য জনপ্রিয় একটি অ্যাপ হলো গোয়িং। নির্দিষ্ট গন্তব্যে বিমানভাড়ায় ছাড় এলে এটি ব্যবহারকারীকে ই-মেইল বা নোটিফিকেশনের মাধ্যমে জানায়। প্রতিষ্ঠানটির দাবি, কিছু ক্ষেত্রে সাধারণ ভাড়ার তুলনায় ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যায়।

অ্যাপটির ফ্রি সংস্করণে মূলত যুক্তরাষ্ট্রভিত্তিক ফ্লাইট অ্যালার্ট পাওয়া যায়। এছাড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ইকোনমি ফ্লাইট, বিশেষ ছাড় এবং ভুলবশত কম দামে প্রকাশ হওয়া টিকিট সম্পর্কেও তথ্য দেয় এটি।

এলিট প্ল্যান ব্যবহারকারীরা বছরে ১৯৯ ডলার খরচে প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাস ফ্লাইটের অ্যালার্ট সুবিধা পান।

স্কাই স্ক্যানার

বিশ্বজুড়ে ভ্রমণকারীদের কাছে বহুল ব্যবহৃত অ্যাপগুলোর একটি স্কাই স্ক্যানার। অ্যাপল ও অ্যান্ড্রয়েড উভয় ডিভাইসে এটি বিনা মূল্যে ব্যবহার করা যায়।

নির্দিষ্ট তারিখ, রুট কিংবা গন্তব্য অনুযায়ী ফ্লাইট অনুসন্ধানের পাশাপাশি এতে মূল্য অ্যালার্ট চালু করার সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা ক্যালেন্ডার ও চার্ট ব্যবহার করে বিভিন্ন দিনের ভাড়ার তুলনাও দেখতে পারেন।

অ্যাপটির একটি বিশেষ সুবিধা হলো কম কার্বন নিঃসরণকারী ফ্লাইট আলাদা করে দেখানো। ফলে পরিবেশ সচেতন ভ্রমণকারীরাও সহজে সিদ্ধান্ত নিতে পারেন।

ফ্লাইটের পাশাপাশি হোটেল বুকিং ও গাড়ি ভাড়ার সুবিধাও পাওয়া যায় স্কাই স্ক্যানারে।

ডলার ফ্লাইট ক্লাব

কম খরচে আন্তর্জাতিক ভ্রমণের জন্য ডলার ফ্লাইট ক্লাব অনেকের কাছে জনপ্রিয়। ফ্রি সদস্যরা নির্দিষ্ট বিমানবন্দরভিত্তিক ফ্লাইট অ্যালার্ট পান।

অন্যদিকে প্রিমিয়াম সদস্যরা চারটি বিমানবন্দর এবং ১০টি গন্তব্য নির্বাচন করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের ছাড়ের তথ্য পেতে পারেন।

প্রিমিয়াম সদস্যপদের জন্য বছরে ৬৯ ডলার এবং প্রিমিয়াম প্লাসের জন্য ৯৯ ডলার খরচ হয়। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীরা বিমানভাড়ায় ৯০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পেতে পারেন।

হুপার

ফ্লাইটের দাম ভবিষ্যতে বাড়বে নাকি কমবে, সে বিষয়ে পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত অ্যাপ হুপার। এটি বিনা মূল্যে ডাউনলোড করা গেলেও কিছু বিশেষ ফিচারের জন্য অতিরিক্ত ফি দিতে হয়।

অ্যাপটি ব্যবহারকারীদের জানায়, বর্তমান দামে টিকিট বুক করা ভালো হবে নাকি আরও কিছুদিন অপেক্ষা করলে কম দামে পাওয়া যেতে পারে।

ফ্লাইট বাতিল সুবিধাসহ কিছু অতিরিক্ত সেবাও এতে রয়েছে, যা নিয়মিত ভ্রমণকারীদের জন্য উপকারী হতে পারে।

কিউই

অ্যান্ড্রয়েড ও অ্যাপল উভয় প্ল্যাটফর্মে ব্যবহারযোগ্য কিউই অ্যাপটি কম খরচে ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করে।

এটি বিভিন্ন এয়ারলাইনসের টিকিট তুলনা করে সবচেয়ে সাশ্রয়ী ভ্রমণসূচি খুঁজে দেয়। ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট বিমানবন্দর থেকে একাধিক গন্তব্যের ফ্লাইটও খুঁজতে পারেন।

যাঁরা নির্দিষ্ট গন্তব্য ঠিক না করেই ভ্রমণের পরিকল্পনা করেন, তাঁদের জন্য এই সুবিধা বিশেষভাবে কার্যকর।

অ্যাপটির মাধ্যমে মোবাইল বোর্ডিং পাস, বিমানবন্দরের মানচিত্র এবং ফ্লাইটের মূল্যসংক্রান্ত তথ্য পাওয়া যায়। কিউই ডট কম ক্লাবের সদস্যরা নির্দিষ্ট শর্তে ভাউচার সুবিধাও পেতে পারেন।

আরও যেসব অ্যাপ কাজে লাগতে পারে

ঘন ঘন ভ্রমণকারীদের জন্য এক্সপার্টফ্লায়ার একটি কার্যকর অ্যাপ। এটি সিট অ্যাভেইলেবিলিটি, আপগ্রেড ও ফ্লাইট তথ্য পর্যবেক্ষণে সহায়তা করে।

অন্যদিকে ব্যবসায়িক ভ্রমণের জন্য মাইরিভা অ্যাপ ব্যবহার করা যেতে পারে। করপোরেট ভ্রমণ ব্যবস্থাপনায় এটি বেশ জনপ্রিয়।