চট্টগ্রামের সীতাকুণ্ডে একই দিনে পর্যটকদের ওপর হামলা ও মহাসড়কে একাধিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলিয়াখালী সৈকতে ঢাকার একদল পর্যটকের ওপর হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। অন্যদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের গাড়িসহ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ডাকাতির চেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্রসৈকতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদের একজনের হাত ভেঙে গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা থেকে ২২ জনের একটি দল গুলিয়াখালী সৈকতে বেড়াতে আসেন। তারা ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য।

দলের সদস্য মো. মাহিন জানান, সৈকতে একটি টেবিলে বসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ১০ থেকে ১২ জন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে আটজন আহত হন।

গুরুতর আহত রাব্বি, তাসফিক, মোহাইমিন ও রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন, আহত আটজন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের হাত ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। চারজন হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশের গাড়িতেও ডাকাতির চেষ্টা

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে পুলিশের একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৩টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি চক্র চলন্ত গাড়ি লক্ষ্য করে রড বা লোহার পাইপ ছুড়ে মারে। বিকট শব্দে চালকরা গাড়ি থামালে সুযোগ নিয়ে ডাকাতি চালানো হয়। শুক্রবার রাতেও একই কৌশলে পুলিশের গাড়ি থামানোর চেষ্টা করা হয়।

এ ঘটনায় ধাওয়া দিয়ে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা রবিউল হোসেনকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, রবিউলের বিরুদ্ধে ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তার একটি সক্রিয় চক্র রয়েছে। গুলিয়াখালী সৈকতের হামলার ঘটনাও তদন্ত করা হচ্ছে।

বরযাত্রীবাহী গাড়িতেও লুটপাট

শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূনাছড়া এলাকায় বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জনি বণিক জানান, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ভোর ৫টার দিকে তাদের গাড়িতে হঠাৎ বিকট শব্দ হয়। চালক গাড়ি থামালে কয়েকজন যাত্রী নেমে বিষয়টি দেখতে যান। এ সময় পাশের জমি থেকে পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী দুর্বৃত্ত বেরিয়ে এসে যাত্রীদের জিম্মি করে।

দুর্বৃত্তরা পাঁচটি মোবাইল ফোন, প্রায় ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

জনি বলেন, তিনি ও আরও দুজন গাড়ির বাইরে ছিলেন। ডাকাতরা ধাওয়া দিলে তারা কাছের একটি মসজিদে গিয়ে আশ্রয় নেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাম্প্রতিক সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন যাত্রী ও বাসিন্দারা।