গ্রীষ্মের তীব্র গরমের মধ্যেই কক্সবাজারের বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। বৈশাখের শেষ সপ্তাহ চললেও আগাম লিচুর দেখা মিলেছে শহরের একাধিক ফলের দোকানে। রসালো ও টক-মিষ্টি স্বাদের এই ফল ঘিরে ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
শুক্রবার শহরের গুনগাছতলা, থানা রোড, বড় বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে টাটকা লালচে রঙের লিচু। মৌসুমের শুরুতেই এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা।
বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে লিচুর চাহিদা বেশি দেখা গেছে। অনেকেই পরিবারের জন্য আগাম লিচু কিনে নিচ্ছেন। কেউ কেউ আবার মৌসুমের প্রথম স্বাদ নিতে ছোট পরিমাণেও কিনছেন এই জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল।
লিচু বিক্রেতা সেলিম জানান, বর্তমানে প্রতি ১০০ লিচু প্রায় ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ এখনো সীমিত থাকায় দাম কিছুটা বেশি রয়েছে।
তিনি বলেন, জ্যৈষ্ঠ মাস শুরু হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরও বেশি লিচু বাজারে আসবে। তখন সরবরাহ বাড়ার পাশাপাশি দামও কিছুটা কমে আসতে পারে।
ব্যবসায়ীরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ভালো ফলনের আশা করছেন চাষিরা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলেও ধারণা তাদের।
বাংলাদেশে গ্রীষ্ম মৌসুমে আম, কাঁঠাল ও তরমুজের পাশাপাশি লিচুও অন্যতম জনপ্রিয় ফল। স্বাদ ও রসালো গুণের কারণে প্রতিবছর মৌসুমের শুরুতেই এ ফল নিয়ে বাজারে তৈরি হয় আলাদা উচ্ছ্বাস। কক্সবাজারের বাজারেও এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না।