দীর্ঘ কয়েক মাসের কূটনৈতিক টানাপোড়েনের পর সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশই পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সব ধরনের ক্যাটাগরিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে। অন্যদিকে ভারতও ধাপে ধাপে বাংলাদেশিদের জন্য ভিসা সেবা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের সময় ভিসা স্বাভাবিকীকরণ বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। বর্তমানে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন ছাড়াও কলকাতা, আগরতলা, মুম্বাই ও চেন্নাইয়ে বাংলাদেশের ভিসা কেন্দ্রগুলো কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে সাময়িকভাবে বন্ধ থাকা কয়েকটি ভিসা কেন্দ্র ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়। তার ভাষ্য, দুই মাসে ভারতীয় নাগরিকদের জন্য ১৩ হাজারের বেশি ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে ব্যবসা, পর্যটন, চিকিৎসা ও পারিবারিক সফরের ভিসা রয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে দিল্লির সম্পর্কের অবনতি ঘটে। পরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা শুরু করে। এর অংশ হিসেবে গত ফেব্রুয়ারিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন।

ভারতের সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে গত বছর ভিসা কার্যক্রম বড় ধরনের চাপে পড়লেও পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে চিকিৎসা ও পারিবারিক জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে ভিসা দেওয়া অব্যাহত ছিল।

বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম ডিসেম্বর ২০২৫-এর আগের সক্ষমতার মাত্র ১৫ থেকে ২০ শতাংশে চলছে। তবে আগামী কয়েক সপ্তাহে তা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম ফেরার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

দুই দেশের কূটনৈতিক সূত্র বলছে, ভিসা স্বাভাবিক হওয়ার পর অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি সংযোগ ও উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় ভারত বাংলাদেশে ডিজেল সরবরাহও করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ২১ লাখ ২০ হাজার বাংলাদেশি ভারত সফর করেন। ২০২৪ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৭ লাখ ৫০ হাজারে। রাজনৈতিক উত্তেজনা ও ভিসা সীমাবদ্ধতার কারণে ২০২৫ সালে তা নেমে আসে মাত্র ৪ লাখ ৭০ হাজারে।