ভারতের মধ্য প্রদেশ রাজ্যে নর্মদা নদীর বরগি বাঁধের জলাশয়ে পর্যটকবাহী একটি ক্রুজ নৌকা ডুবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ঝড়ো বাতাসের মধ্যে নৌযানটি উল্টে যাওয়ার এ ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারীরা বলছেন, শিশুদেরও খুঁজে পেতে রাতভর অভিযান চালানো হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নর্মদা নদী এলাকায় মধ্য প্রদেশ ট্যুরিজম পরিচালিত নৌযানটি দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎ ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি উল্টে যায়।
এ পর্যন্ত ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা দুই নারীসহ ৯ জনের মরদেহ পেয়েছেন। এছাড়া পাঁচ শিশুসহ আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনার সময় নৌকাটিতে কয়েক ডজন যাত্রী ছিলেন বলে জানা গেলেও যাত্রী ও ক্রু মিলিয়ে মোট কতজন ছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বেঁচে ফেরা এক যাত্রী অভিযোগ করেছেন, যাত্রা শুরুর সময় কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নৌকাটি ডুবতে শুরু করলে যাত্রীরা আতঙ্কের মধ্যে নিজেরাই লাইফ জ্যাকেট সংগ্রহ করে একে অপরকে সহায়তা করেন।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার আগে আবহাওয়া দ্রুত খারাপ হতে থাকে। তীরে থাকা লোকজন নৌকাটিকে ফিরে আসার জন্য সংকেত দিলেও চালক তা উপেক্ষা করেন।
সম্রাট নামের এক প্রত্যক্ষদর্শী ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা নৌকার চালককে ফিরে আসতে বলেছিলাম। কিন্তু তিনি শোনেননি। বাঁধের মাঝামাঝি গিয়ে নৌকাটি উল্টে যায়।” তিনি আরও জানান, স্থানীয় লোকজন মিলে অন্তত ১৫ থেকে ১৬ জনকে জীবিত উদ্ধারে সহায়তা করেছেন।
এ ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মোহন যাদব। একই সঙ্গে নৌযানটি আবহাওয়াজনিত নিরাপত্তাবিধি মেনে পরিচালিত হচ্ছিল কি না, তা তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।