দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দেশের অন্তত ছয় বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে হাওরাঞ্চল, নিম্নাঞ্চল ও পাহাড়ি এলাকায় জলাবদ্ধতা এবং ভূমিধসের শঙ্কা তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত চারটি নদীর পানি প্রাক-মৌসুমী বিপৎসীমার ওপরে ছিল।
নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই জেলার জারিয়াজাঞ্জাইল পয়েন্টে ভুগাই-কংস নদীর পানি ছিল ১০০ সেন্টিমিটার ওপরে।
এছাড়া মগরা নদীর আটপাড়া স্টেশনে পানি ১৬ সেন্টিমিটার এবং নেত্রকোনা স্টেশনে ৬৮ সেন্টিমিটার ওপরে ছিল। হবিগঞ্জের সুতাং আরবি স্টেশনে সুতাং নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন বলেন, হাওরাঞ্চলে এখনো বড় ধরনের অবনতি হয়নি। প্রত্যাশার তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টি হতে পারে। এতে নগর এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ৩ থেকে ৪ মে পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। পরে তা ধীরে ধীরে কমে আসবে। বৃষ্টি কমলে তাপমাত্রা আবার বাড়তে পারে বলেও তিনি জানান।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ১২১ মিলিমিটার। এছাড়া হাতিয়ায় ১১২ এবং ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। পাশাপাশি কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।