রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা সতর্কতার পর সম্ভাব্য নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো, তল্লাশি জোরদার এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার ২৭ এপ্রিল বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে একটি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের ডিআইজি কনফিডেনশিয়াল কামরুল আহসানের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার এ সতর্কতা পাঠানো হয়।
সতর্কবার্তায় বলা হয়, সংশ্লিষ্ট গোষ্ঠীটি বিভিন্ন পদ্ধতিতে হামলার চেষ্টা করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় সম্ভাব্য হামলা প্রতিরোধে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে উচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দেওয়া হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। এর আওতায় দেশের সব বিমানবন্দরে একযোগে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিমানবন্দরের প্রবেশদ্বার, টার্মিনাল এলাকা, লাগেজ স্ক্যানিং পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় যাত্রী ও মালামালের তল্লাশি আরও কঠোর করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ও বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজর রাখা হচ্ছে।