রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ব্যাংক এশিয়ার নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেনকে নতুন চেয়ারম্যান করে ১৩ সদস্যের বোর্ড গঠন করেছে সরকার। শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

পুনর্গঠিত বোর্ডে অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার এবং বেসামরিক বিমান পরিবহন সচিব ফাহমিদা আখতার সদস্য হিসেবে রয়েছেন। সামরিক বাহিনীর প্রতিনিধিত্ব করছেন সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল হাসান উজ জামান।

রাজনৈতিক ও নীতিনির্ধারণী অঙ্গনের প্রতিনিধি হিসেবে বোর্ডে যুক্ত হয়েছেন বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ অসীম এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। আর্থিক খাত থেকে রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির এবং ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম।

পেশাজীবী ও একাডেমিক ক্ষেত্র থেকে অন্তর্ভুক্ত হয়েছেন আইসিএমএবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক। বোর্ডে পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।

বিমানের সর্বশেষ চেয়ারম্যান ছিলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রাজনৈতিক পরিবর্তনের পর গত ১৮ ফেব্রুয়ারি তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পর থেকেই বোর্ড পুনর্গঠনের আলোচনা চলছিল।