বাংলাদেশের পর্যটন খাতে আন্তর্জাতিক বিনিয়োগ টানতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের পর্যটন শিল্পে নতুন গতি আনতে পারে।
শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের খ্যাতনামা প্রতিষ্ঠান ইমার প্রোপার্টিজের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দেশের পর্যটন অবকাঠামো উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের পর্যটন সুবিধা নিশ্চিত করতে বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকার নীতি সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিচ্ছে।
অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতা সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে শুরু হয়। এতে ৭ দশমিক ৫ কিলোমিটার প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটার ফান রান অন্তর্ভুক্ত ছিল। প্রায় এক হাজারের বেশি দৌড়বিদ অংশ নেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, এ ধরনের আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বাড়ায়, অন্যদিকে দেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতেও সহায়ক ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এমন আয়োজনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল রিদম গ্রুপ। প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। আগামীতে এ আয়োজন আন্তর্জাতিক পরিসরে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, দেশের পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরে, বিশেষ করে কক্সবাজারের মেরিন ড্রাইভে এ আয়োজন সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব এবং রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।
২ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে মহিবুর রহমান প্রথম, মো. আনিমুল হাসান দ্বিতীয় এবং এফ এ সেলিম তৃতীয় হন। মেয়েদের মধ্যে নূর-এ-সাবা প্রথম, সুবহানা মাহদিয়া সিদ্দিকী দ্বিতীয় এবং পারভিন মিতু তৃতীয় স্থান অর্জন করেন।
৭ দশমিক ৫ কিলোমিটার দৌড়ে ছেলেদের মধ্যে মো. এলাহী সরদার প্রথম, আশরাফুল আলম দ্বিতীয় এবং পলাশ শেখ তৃতীয় হন। মেয়েদের মধ্যে হামিদা আক্তার জেবা প্রথম, সাদিয়া শাওলিন সিগমা দ্বিতীয় এবং তেরেসা কচি তৃতীয় স্থান লাভ করেন।
দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে এয়ার টিকিট, পোডিয়াম সম্মাননা এবং র্যাফেল ড্র প্রদান করা হয়।