দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরতে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিউটিফুল বাংলাদেশ রান-২০২৬ (সিজন-২)’। অংশগ্রহণকারীদের ব্যাপক আগ্রহ ও সংশ্লিষ্ট খাতের সক্রিয় অংশগ্রহণে এ আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

আগামী ২৫ এপ্রিল শনিবার সকাল ৬টায় হাতিরঝিলের পুলিশ প্লাজা প্রাঙ্গণ থেকে শুরু হবে এ রান। এতে সাড়ে ৭ কিলোমিটার মূল দৌড়ের পাশাপাশি ২ কিলোমিটারের ফান রান অনুষ্ঠিত হবে।

দেশের বিভিন্ন পেশার মানুষ ছাড়াও এভিয়েশন ও পর্যটন খাতের সঙ্গে যুক্ত এক হাজারের বেশি রানার এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এই আয়োজনের মাধ্যমে দেশের সম্ভাবনাময় দুই খাতকে সাধারণ মানুষের কাছে আরও দৃশ্যমান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ এটিজেএফবির উদ্যোগে আয়োজিত এ রানে গত বছরের মতো এবারও টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রিদম গ্রুপ। পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘পাওয়ার্ড বাই’ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, দেশের এভিয়েশন ও পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সংগঠনটি এর আগে একাধিক সফল ট্যুরিজম ফেস্ট আয়োজন করেছে। সেই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো এ রান আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানের সার্বিক বিষয় উপস্থাপন করেন এটিজেএফবির যুগ্ম সাধারণ সম্পাদক ও রেস ডিরেক্টর শফিউল্লাহ সুমন এবং সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ ও ঢাকা পোস্টের সম্পাদক মো. কামরুল ইসলাম এবং নভোএয়ারের পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং সোহেল মজিদ।

এবারের আসরে বিজয়ীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে রয়েছে ঢাকা-কক্সবাজার, ঢাকা-মালদ্বীপ ও ঢাকা-ব্যাংকক রুটে রিটার্ন এয়ার টিকিট, যা প্রদান করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগ হোসেন বলেন, গত বছরও তারা এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের রান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, রিদম গ্রুপ আগামী দিনেও এ উদ্যোগের সঙ্গে থাকবে।