চলতি বছরের শেষ দিকে দেশের প্রধান আন্তর্জাতিক গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর সম্ভাবনা দেখা দিয়েছে। এতে যাত্রীসেবা ও ফ্লাইট পরিচালনায় নতুন গতি আসবে বলে আশা করছে সরকার।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল চালু হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি চালুর জন্য সংশ্লিষ্টদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই নানা সংস্কার ও কার্যক্রম নেওয়া হচ্ছে।
পর্যটন খাতেও বড় পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে খুব শিগগিরই বিদেশি ফ্লাইট চালু করা হবে। আগামী বাজেট ঘোষণার পর এ বিষয়ে আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে এবং দুই থেকে তিন মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আশা করা হচ্ছে।
সরকার দেশের প্রধান পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনাও হাতে নিয়েছে। কক্সবাজার, সুন্দরবন ও কুয়াকাটাকে আকর্ষণীয় পর্যটন নগরীতে রূপ দিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করার চিন্তা চলছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন কেন্দ্রগুলোকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে বিদেশ ভ্রমণের পরিবর্তে পর্যটকরা দেশের ভেতরেই মানসম্মত অভিজ্ঞতা পান। এতে একদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, অন্যদিকে পর্যটন খাত থেকে আয় বাড়বে।
সংশ্লিষ্টরা মনে করছেন, থার্ড টার্মিনাল চালু হলে বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এতে আন্তর্জাতিক যোগাযোগ সহজ হবে এবং বাংলাদেশ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত হওয়ার পথে এগোবে।