বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের কাছে নতুন দেশে গেলে স্থানীয় খাবার চেখে দেখা এক অনন্য অভিজ্ঞতা। ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, রাস্তার স্টল কিংবা জমজমাট বাজার—সব জায়গাতেই লুকিয়ে থাকে স্থানীয় স্বাদের গল্প। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান অলক্লিয়ার বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত ২০টি ফুড মার্কেটের তালিকা প্রকাশ করেছে।

গবেষণায় অনলাইনে চার ও পাঁচ-তারকা রিভিউয়ের শতাংশ বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে।

শীর্ষ ২০টির মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারগুলো ২৫ শতাংশ জায়গা দখল করেছে। আর যুক্তরাজ্যের হয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে লন্ডনের ঐতিহাসিক বরো মার্কেট।

শীর্ষে ফিলাডেলফিয়ার রিডিং টার্মিনাল মার্কেট
তালিকার এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার রিডিং টার্মিনাল মার্কেট। ৮০টির বেশি স্বতন্ত্র স্টল নিয়ে গড়ে ওঠা এই ঐতিহাসিক ইনডোর মার্কেট ৯৪.৫ শতাংশ চার ও পাঁচ-তারকা রিভিউ পেয়েছে। এখানে ক্লাসিক আমেরিকান খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক পদ, তাজা বেকারি আইটেম ও স্থানীয় বিশেষ খাবার পাওয়া যায়। ডি’নিক’সের রোস্ট পর্ক স্যান্ডউইচ কিংবা ডিনার্সের বারবিকিউ চিকেন বিশেষ জনপ্রিয়।

দ্বিতীয় স্থানে লন্ডনের বরো মার্কেট
লন্ডনের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খাদ্যবাজার বরো মার্কেট ৯৪.৩ শতাংশ রিভিউ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১০০টির বেশি স্টলে আধুনিক ও ঐতিহ্যবাহী খাবারের মিশেল, ভাইরাল স্ট্রিট ফুড এবং আর্টিজান পণ্য পাওয়া যায়। সামাজিক মাধ্যমে ‘দ্য ব্ল্যাক পিগ’ এর স্লো-রোস্টেড পর্ক সিয়াবাটা কিংবা ‘হাম্বল ক্রাম্বল’ এর ব্লো-টর্চড মার্শম্যালো ডেজার্ট বেশ আলোচিত।

তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড সেন্ট্রাল মার্কেট ৯৪.২ শতাংশ রিভিউ নিয়ে তৃতীয়। ৭০টির বেশি স্টলে আন্তর্জাতিক রান্না, গুরমে পণ্য ও তাজা স্থানীয় উপকরণ পাওয়া যায়।

ইউরোপের জনপ্রিয় বাজারগুলো
স্পেনের বার্সেলোনার লা বোকেরিয়া (৮৯.৫%), ডেনমার্কের কোপেনহেগেনের তোরভেহাল্লেরনে (৯৩.২%), ফ্রান্সের প্যারিসের মার্শে বাস্তিল (৯২.৭%) এবং জার্মানির মিউনিখের ভিক্টুয়ালিয়েনমার্কেট (৮৮.৭%) ইউরোপীয় খাদ্যসংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেছে।

উত্তর আমেরিকার আধিপত্য
যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক বাজার তালিকায় স্থান পেয়েছে। নিউইয়র্কের চেলসি মার্কেট (৯০.৫%), সান ফ্রান্সিসকোর ফেরি বিল্ডিং মার্কেটপ্লেস (৯০.৩%), সিয়াটলের পাইক প্লেস মার্কেট (৮৮.৮%) এবং মন্ট্রিয়লের মার্শে আটওয়াটার (৮৯.৩%) খাদ্যরসিকদের কাছে সমান জনপ্রিয়।

এশিয়া ও লাতিন আমেরিকার রঙিন স্বাদ
থাইল্যান্ডের ব্যাংককের অর তোর কোর মার্কেট (৮৮.৩%) প্রিমিয়াম মানের ফল, সবজি ও প্রস্তুত খাবারের জন্য পরিচিত। ব্রাজিলের সাও পাওলোর মিউনিসিপ্যাল মার্কেট অফ সাও পাওলো (৮৮.১%) বিরল ফল ও ঐতিহ্যবাহী স্যান্ডউইচের জন্য বিখ্যাত। নেদারল্যান্ডসের আমস্টারডামের ফুডহলেন (৮৭.৫%) আধুনিক ফুড হল সংস্কৃতির দৃষ্টান্ত।

গবেষণা সংশ্লিষ্টরা বলছেন, ফুড মার্কেট হলো একসঙ্গে নানা স্থানীয় স্বাদ চেখে দেখার সেরা জায়গা। নতুন বছরে ভ্রমণ পরিকল্পনায় খাদ্যপ্রেমীদের জন্য এই তালিকা হতে পারে দারুণ অনুপ্রেরণা।