দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য, সমুদ্রসৈকত, পাহাড়ি এলাকা বা নদীপথে ভ্রমণের আগে নির্ভুল আবহাওয়া পূর্বাভাস জানা এখন আগের চেয়ে আরও সহজ হতে পারে। সম্পূর্ণ বাংলা ভাষায় তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবহাওয়া’ এবং এর মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’ ব্যবহারকারীদের অবস্থানভিত্তিক আবহাওয়া তথ্য, আগাম সতর্কতা ও করণীয় জানিয়ে নিরাপদ ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করবে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, আকস্মিক বন্যা, বজ্রপাত ও তীব্র তাপপ্রবাহের মতো দুর্যোগপ্রবণ দেশ। এমন পরিস্থিতিতে ভ্রমণকারী, পর্যটক, জেলে ও উপকূলীয় এলাকার মানুষের জন্য সময়োপযোগী আবহাওয়া তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রয়োজন বিবেচনায় তৈরি হয়েছে বাংলা ভাষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আবহাওয়া’ এবং এর মোবাইল অ্যাপ ‘আবহাওয়াবিদ’।

প্ল্যাটফর্মটির উদ্ভাবক ও প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল বলেন, অ্যাপটির উদ্দেশ্য শুধু বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস দেওয়া নয়, বরং ব্যবহারকারীদের জন্য করণীয় সম্পর্কেও নির্দেশনা দেওয়া। কৃষকের জন্য সেচ বন্ধ রাখা বা আগাম ফসল কাটার পরামর্শের পাশাপাশি জেলেদের জন্য সমুদ্রে যাওয়ার ঝুঁকিসংক্রান্ত তাৎক্ষণিক সতর্কবার্তাও এতে থাকবে। তাঁর ভাষ্য, বাংলাদেশের প্রায় ১ কোটি ৫০ লাখ ক্ষুদ্র কৃষক আবহাওয়াজনিত অনিশ্চয়তার মুখে পড়েন এবং এই অ্যাপ তাঁদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো অবস্থানভিত্তিক জরুরি সতর্কবার্তা। কোনো ঝড় বা বজ্রপাত নির্দিষ্ট জেলার দিকে অগ্রসর হলে শুধু সেই এলাকার ব্যবহারকারীদের কাছেই তাৎক্ষণিক সতর্কতা পাঠানো হবে। ফলে অপ্রয়োজনীয় আতঙ্ক না ছড়িয়ে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ সময়মতো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। এই প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে ২০২৭ সালের কালবৈশাখী মৌসুম থেকে বজ্রপাত ও অন্যান্য আকস্মিক দুর্যোগে প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হতে পারে বলে আশা করছেন উদ্ভাবক।

ভ্রমণপ্রেমীদের জন্যও অ্যাপটি কার্যকর হতে পারে। পাহাড়, সমুদ্র, নদী কিংবা দূরবর্তী পর্যটন গন্তব্যে যাওয়ার আগে স্থানীয় আবহাওয়া, বায়ুর মান, নদী ও উপকূলীয় পূর্বাভাস এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাবে। প্রতিকূল আবহাওয়ার সময় ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন বা স্থগিত করার সিদ্ধান্ত নিতেও এটি সহায়ক হতে পারে।

মোস্তফা কামাল জানান, বাংলাদেশকেন্দ্রিক ভূপ্রকৃতি ও জলবায়ুর ভিত্তিতে তৈরি অ্যাপটিতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলার জন্য স্থানীয় পূর্বাভাস যুক্ত করা হবে। এতে রয়েছে নাগরিক প্রতিবেদন সুবিধাও। ব্যবহারকারীরা বজ্রপাত, পাহাড়ধস বা উপকূলীয় জলোচ্ছ্বাসের তথ্য ও ছবি শেয়ার করতে পারবেন। ভুয়া তথ্য শনাক্ত করার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপনমুক্ত ও বিনা মূল্যের এই অ্যাপ ব্যবহারের জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। স্বল্প ক্ষমতার অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং ধীরগতির ইন্টারনেটেও এটি ব্যবহার করা যাবে। অ্যাপটি নামানো যাবে ‘আবহাওয়া’ প্ল্যাটফর্মের ওয়েবসাইট থেকে।

প্রধান সুবিধা

অবস্থানভিত্তিক আবহাওয়া সতর্কতা

ঝড়, বজ্রপাত ও বন্যার আগাম বার্তা

নদী ও উপকূলীয় পূর্বাভাস

বায়ুদূষণ সূচক

নাগরিক প্রতিবেদন সুবিধা

বিনা মূল্যে ও বিজ্ঞাপনমুক্ত ব্যবহার