বিশ্বের সবচেয়ে মূল্যবান সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকা আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ স্বীকৃতিগুলোর একটি। এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কোনো স্থান শুধু বৈশ্বিক মর্যাদাই অর্জন করে না, একই সঙ্গে বাড়ে পর্যটকের আগ্রহ, সংরক্ষণ উদ্যোগ এবং আন্তর্জাতিক সহযোগিতাও। ফলে বিশ্বজুড়ে টেকসই পর্যটন উন্নয়নে এই স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ১৯৭২ সালে বিশ্ব ঐতিহ্য কনভেনশন গ্রহণের মাধ্যমে বিশ্ব ঐতিহ্য তালিকার যাত্রা শুরু করে। এর উদ্দেশ্য হলো এমন সাংস্কৃতিক ও প্রাকৃতিক স্থান চিহ্নিত করা, যেগুলো "অসাধারণ সার্বজনীন মূল্য" বহন করে এবং মানবজাতির জন্য সংরক্ষণ করা প্রয়োজন।

বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালায়। কারণ এই স্বীকৃতি কোনো গন্তব্যের আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধি করে, পর্যটক আকর্ষণ বাড়ায়, সংরক্ষণে অর্থায়ন ও জনসচেতনতা বৃদ্ধি করে এবং সংশ্লিষ্ট রাষ্ট্রকে ঐতিহ্য রক্ষার দায়িত্ব আরও দৃঢ়ভাবে পালন করতে উৎসাহিত করে।

তবে ইউনেস্কো এই তালিকাকে কেবল সম্মাননার প্রতীক হিসেবে দেখে না। কোনো স্থান বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পেলে সংশ্লিষ্ট দেশকে সেটি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হয়। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, দূষণ বা অর্থসংকটের কারণে কোনো স্থানের মূল্য হুমকির মুখে পড়লে বিশ্ব ঐতিহ্য কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলো প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক সহযোগিতা ও জরুরি সহায়তা দিতে পারে। ২০২৫ সাল পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশ এই কনভেনশনে যোগ দিয়েছে।

গত পাঁচ দশকে বিশ্ব ঐতিহ্য কর্মসূচি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংরক্ষণ উদ্যোগে ভূমিকা রেখেছে। উদাহরণ হিসেবে মিশরের গিজার পিরামিডের কাছে মহাসড়ক নির্মাণ পরিকল্পনা স্থগিত করা, মেক্সিকোয় ধূসর তিমির প্রজনন এলাকায় লবণখনি প্রকল্প বন্ধ করা এবং আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাতের উজানে বাঁধ নির্মাণের প্রস্তাব বাতিলে আন্তর্জাতিক চাপ সৃষ্টি উল্লেখযোগ্য।

এ ছাড়া কনভেনশনে অংশগ্রহণকারী দেশগুলোর অর্থায়নে পার্ক রেঞ্জার নিয়োগ, সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, দর্শনার্থী কেন্দ্র নির্মাণ এবং ঐতিহাসিক মন্দির পুনরুদ্ধারের মতো নানা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।

বর্তমানে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ১,২৪৮টি স্থান রয়েছে। এর মধ্যে ৯৭২টি সাংস্কৃতিক, ২৩৫টি প্রাকৃতিক এবং ৪১টি মিশ্র ঐতিহ্য। যুক্তরাষ্ট্রে রয়েছে ২৬টি বিশ্ব ঐতিহ্য স্থান, যার মধ্যে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি এবং ফিলাডেলফিয়ার ইন্ডিপেনডেন্স হল উল্লেখযোগ্য।

প্রতি বছর গ্রীষ্মকালে সদস্য রাষ্ট্রগুলো নতুন বিশ্ব ঐতিহ্য স্থান অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়। শীতকালে ইউনেস্কো বিলুপ্তির ঝুঁকিতে থাকা সাংস্কৃতিক চর্চাগুলোকে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

এ ছাড়া ১৯৭২ সালের কনভেনশনের ১১.৪ অনুচ্ছেদের আওতায় বিপন্ন বিশ্ব ঐতিহ্য তালিকা পরিচালিত হয়। নগরায়ণ, অনিয়ন্ত্রিত পর্যটন, সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা অবহেলার কারণে হুমকিতে থাকা স্থানগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৫ সাল পর্যন্ত এই তালিকায় রয়েছে ৫৩টি বিশ্ব ঐতিহ্য স্থান।

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এক নজরে

  • কনভেনশন গৃহীত: ১৯৭২
  • সদস্য দেশ: ১৯৬
  • মোট বিশ্ব ঐতিহ্য: ১,২৪৮টি
  • সাংস্কৃতিক: ৯৭২টি
  • প্রাকৃতিক: ২৩৫টি
  • মিশ্র: ৪১টি
  • বিপন্ন বিশ্ব ঐতিহ্য: ৫৩টি