সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অপার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নৌকায় অনুষ্ঠিত হলো কবি শাহেদ কায়েসের নতুন কাব্যগ্রন্থ 'জল হাওর একতারা'র পাঠ-উন্মোচন। প্রকৃতি, সাহিত্য ও ভ্রমণকে এক সুতোয় গেঁথে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠান হাওরভিত্তিক পর্যটনের একটি ভিন্নমাত্রার সাংস্কৃতিক আয়োজন হিসেবে নজর কেড়েছে।
শনিবার বিকেলে ভ্রমণ সংগঠন 'মেঘযাত্রী'র উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের বুকে নৌকায় অনুষ্ঠিত হয় 'জল হাওর একতারা' কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি অনিন্দ্য জসীম। কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করেন কবি শতাব্দী কাদের ও কবি অতনু তিয়াস। এ সময় বই থেকে কবিতা পাঠ করা হয় এবং প্রকৃতিপ্রেমী, লেখক, সাংবাদিক ও ভ্রমণসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কবি অতনু তিয়াস বলেন, 'এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, একটি জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে গভীর বন্ধনে আবদ্ধ। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় এবং মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা ও প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনুভব।'