ভোলা জেলার চরফ্যাশন উপজেলার সামরাজ মাছঘাট শুধু দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্রই নয়, এটি উপকূলীয় জনজীবন, অর্থনীতি ও সামুদ্রিক সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। প্রতিদিন শত শত ট্রলারভর্তি মাছের আগমন, কোটি টাকার বেচাকেনা এবং হাজারো মানুষের কর্মব্যস্ততা দেখতে ভ্রমণপ্রেমীদের কাছেও জায়গাটি হয়ে উঠছে আকর্ষণীয় গন্তব্য।

চরফ্যাশন উপজেলার মাদ্রাজ ইউনিয়নে অবস্থিত সামরাজ মাছঘাট দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র। ভোলা জেলায় মোট ৭৪টি মাছঘাট থাকলেও আকার ও লেনদেনের দিক থেকে সামরাজ সবচেয়ে বড়। বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থানের কারণে সমুদ্র থেকে ধরা মাছ দ্রুত এখানে পৌঁছে যায়। মাছ ধরার মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ২ থেকে আড়াই কোটি টাকার মাছ কেনাবেচা হয়।

স্থানীয়দের মতে, একসময় এই এলাকায় সাধারণ মানুষের পারাপার ও ছোট পরিসরে মাছ বিক্রি হতো। আশির দশকে চরফ্যাশন উপজেলা হিসেবে প্রতিষ্ঠার পর যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটে। এরপর দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখানে নিয়মিত আসতে শুরু করেন। ধীরে ধীরে সামরাজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইলিশ ও সামুদ্রিক মাছের পাইকারি বাজারে পরিণত হয়।

ঘাটের নামকরণ নিয়েও রয়েছে স্থানীয় ইতিহাস। জনশ্রুতি অনুযায়ী, বর্তমান মাদ্রাজ ইউনিয়নে বসতি গড়ে ওঠার সময় 'শামরাজ' নামে একজন দক্ষ রাজমিস্ত্রি স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর অবদানের স্মৃতিতে এলাকাটি 'শামরাজের ঘাট' নামে পরিচিতি পায়। পরে উচ্চারণের পরিবর্তনে নামটি 'সামরাজ' হয়ে যায়।

ভোর থেকে শুরু হয় সামরাজের সবচেয়ে ব্যস্ত সময়। সারি সারি ট্রলার থেকে ঝুড়িভর্তি মাছ নামানো, আড়তে দরদাম, বরফ ভাঙার শব্দ এবং শ্রমিকদের নিরবচ্ছিন্ন কর্মচাঞ্চল্যে পুরো এলাকা মুখর থাকে। এখানে ইলিশ, রূপচাঁদা, কোরাল, পোয়া, লইট্টা, চিংড়িসহ বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির তাজা সামুদ্রিক মাছের বেচাকেনা হয়।

মাছঘাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি বিস্তৃত অর্থনৈতিক ব্যবস্থা। রয়েছে মাছের আড়ত, বরফকল, জালের দোকান, তেল সরবরাহ কেন্দ্র এবং ট্রলার নির্মাণ ও মেরামতের বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে মাছ আহরণ থেকে বিপণন পর্যন্ত প্রয়োজনীয় প্রায় সব সেবা একই এলাকায় পাওয়া যায়।

চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, ভোলা জেলায় উৎপাদিত মোট মাছের প্রায় এক-তৃতীয়াংশের কেনাবেচা হয় সামরাজ মাছঘাটে। হাজার হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই ঘাটকেন্দ্রিক কর্মকাণ্ডের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।

ভ্রমণকারীদের জন্য কেন আকর্ষণীয়

সামরাজ মাছঘাট প্রচলিত পর্যটনকেন্দ্র নয়। তবে যারা উপকূলীয় জনজীবন, মৎস্য অর্থনীতি, কর্মচঞ্চল পরিবেশ এবং বাস্তব জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা খুঁজে বেড়ান, তাদের জন্য এটি ব্যতিক্রমী গন্তব্য। ভোরবেলায় গেলে ট্রলার থেকে মাছ নামানো, পাইকারি নিলাম এবং পুরো ঘাটের কর্মব্যস্ততা সবচেয়ে কাছ থেকে দেখা যায়।

যেভাবে যাবেন

ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন ভোলাগামী লঞ্চ চলাচল করে। এছাড়া চরফ্যাশনের বেতুয়াগামী লঞ্চেও যাওয়া যায়। বেতুয়া থেকে অটোরিকশায় সহজেই সামরাজ মাছঘাটে পৌঁছানো সম্ভব। ভোলা সদর থেকেও বাস, সিএনজি, অটোরিকশা বা মোটরসাইকেলে চরফ্যাশন হয়ে সামরাজে যাওয়া যায়।

থাকা ও খাওয়া

সামরাজ এলাকায় মানসম্মত আবাসনের সংখ্যা সীমিত। তাই চরফ্যাশন উপজেলা সদর অথবা ভোলা শহরের আবাসিক হোটেলে অবস্থান করাই সুবিধাজনক। স্থানীয় হোটেলগুলোতে ইলিশ, কোরাল, চিংড়িসহ নদী ও সাগরের তাজা মাছের বিভিন্ন পদ পরিবেশন করা হয়, যা ভ্রমণে বাড়তি স্বাদ যোগ করে।

তথ্যবক্স

  • অবস্থান: সামরাজ মাছঘাট, মাদ্রাজ ইউনিয়ন, চরফ্যাশন, ভোলা
  • বিশেষ আকর্ষণ: দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র
  • দেখার সেরা সময়: ভোর থেকে সকাল
  • প্রধান আকর্ষণ: ট্রলার থেকে মাছ নামানো, পাইকারি মাছের আড়ত, উপকূলীয় জনজীবন