বর্ষায় ভ্রমণে পাহাড়, জলপ্রপাত, সমুদ্র ও হাওর যেন নতুন রূপে ধরা দেয়। তবে ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, পিচ্ছিল পথ ও উত্তাল পানির কারণে এ সময় ভ্রমণে ঝুঁকিও বাড়ে। তাই বর্ষার সৌন্দর্য উপভোগের পাশাপাশি গন্তব্য ও আবহাওয়া সম্পর্কে আগাম তথ্য জানা এবং প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি রাখা জরুরি।

যাত্রার আগে প্রস্তুতি

ভারী বৃষ্টি, ভূমিধস, বন্যা বা বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেখে তবেই ভ্রমণের পরিকল্পনা করুন। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হলে ভ্রমণের সময়সূচি পরিবর্তন করাই নিরাপদ।

রেইনকোট বা ছাতার পাশাপাশি অতিরিক্ত শুকনা কাপড় সঙ্গে রাখুন। দ্রুত শুকিয়ে যায়, এমন পোশাক বেছে নেওয়া ভালো। প্যারাসিটামলসহ প্রয়োজনীয় ওষুধও সঙ্গে রাখা যেতে পারে।

রাতে থাকার জায়গায় মশারির ব্যবস্থা আছে কি না, আগে থেকেই নিশ্চিত হন। প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম সঙ্গে রাখুন।

পাহাড় ও জলপ্রপাতে বাড়তি সতর্কতা

পাহাড়ি পথে হাঁটার জন্য ভালো গ্রিপযুক্ত এবং পানি ও পাথুরে পথে চলার উপযোগী জুতা পরুন। দুর্গম পাহাড়ি এলাকায় গেলে স্থানীয় অভিজ্ঞ গাইড সঙ্গে নিন এবং তাঁর নির্দেশনা মেনে চলুন।

বর্ষায় জলপ্রপাতের আশপাশের পাথর ও ঢাল অত্যন্ত পিচ্ছিল থাকে। ঢাল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করা বিপজ্জনক। সামান্য অসতর্কতাও বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

জলপ্রপাতের নিচের কূপ বাইরে থেকে নিরাপদ মনে হলেও সেখানে গভীর পানি বা প্রবল স্রোত থাকতে পারে। সাঁতার না জানলে কোনো অবস্থাতেই পানিতে নামবেন না।

বর্ষায় পাহাড়ি এলাকায় জোঁক থাকা স্বাভাবিক। সম্ভব হলে মোজার ভেতরে প্যান্ট বা পায়জামা গুঁজে রাখুন। জোঁক ধরলে জোর করে টানবেন না। শক্ত কাগজের সাহায্যে আলতোভাবে সরিয়ে ফেলুন।

সমুদ্র ভ্রমণে যা মানবেন

সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটা ও আবহাওয়ার বর্তমান অবস্থা জেনে নিন। সৈকতে লাল নিশান টাঙানো এলাকায় কখনো পানিতে নামবেন না।

সাঁতার না জানলে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। একই সঙ্গে সৈকতে দায়িত্বে থাকা লাইফগার্ডের নির্দেশনা মেনে চলুন।

হাওর ভ্রমণে নিরাপত্তা

হাওর এলাকায় যাওয়ার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা জেনে নিন। বিশেষ করে ভারী বৃষ্টি বা বৈরী আবহাওয়ার সময় স্থানীয় সতর্কতা উপেক্ষা করা উচিত নয়।

হাউসবোটে ওঠার আগে পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে কি না, নিশ্চিত করুন। নিজের জন্য একটি ব্যবহারযোগ্য লাইফ জ্যাকেট নির্ধারিত আছে কি না, সেটিও দেখে নিন।

বর্ষার ভ্রমণে একটু বাড়তি প্রস্তুতি ও সতর্কতা অনেক ঝুঁকি এড়াতে পারে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন, তবে গন্তব্যের পরিস্থিতি ও নিরাপত্তা নির্দেশনাকে সব সময় অগ্রাধিকার দিন।