উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আরও অন্তত এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের নিয়মিত বুলেটিন অনুযায়ী, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গলে, ১৮ ডিগ্রি সেলসিয়াস।
একই সময়ে সবচেয়ে বেশি ১৫৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া সিলেটে ১২৭ মিলিমিটার, রাঙামাটি ও কুমিল্লায় ৩৭ মিলিমিটার এবং নেত্রকোণায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানী ঢাকাতেও ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।