অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির মরুভূমির হৃদয়ে দাঁড়িয়ে থাকা উলুরু পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক আকর্ষণ। দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলোর কোণ বদলানোর সঙ্গে সঙ্গে পাহাড়টির রঙও বদলে যেতে দেখা যায়। এই অনন্য দৃশ্যের পাশাপাশি হাজার বছরের আদিবাসী ঐতিহ্যের কারণে উলুরু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য।

বিশ্বের অনেক পাহাড় উচ্চতা বা বরফাচ্ছাদিত শৃঙ্গের জন্য পরিচিত হলেও উলুরু পরিচিত তার রঙ পরিবর্তনের বিস্ময়কর বৈশিষ্ট্যের জন্য। আয়ার্স রক নামেও পরিচিত এই বিশাল বেলেপাথরের পাহাড়টি সূর্যের আলোয় দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে।

বাস্তবে পাহাড়টির রঙ পরিবর্তন হয় না। বেলেপাথরে থাকা লোহা দীর্ঘদিনে জারিত হয়ে লালচে আভা তৈরি করেছে। সূর্যের আলোর কোণ ও তীব্রতা পরিবর্তনের কারণে সেই রঙ কখনো হালকা গোলাপি, কখনো উজ্জ্বল কমলা, কখনো গাঢ় মরচে লাল, আবার সূর্যাস্তের সময় বেগুনি ও গাঢ় লালচে আভায় দেখা যায়। এই আলোক প্রতিফলনের কারণেই সৃষ্টি হয় মনোমুগ্ধকর দৃষ্টিবিভ্রম।

উলুরু শুধু ভূতাত্ত্বিক বিস্ময় নয়, এটি স্থানীয় আনাঙ্গু আদিবাসী জনগোষ্ঠীর কাছে অত্যন্ত পবিত্র স্থান। হাজার বছরের ইতিহাস, সাংস্কৃতিক কাহিনি, শিলাচিত্র এবং ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে পাহাড়টির গভীর সম্পর্ক রয়েছে। এ কারণে ভ্রমণকারীদের স্থানীয় সংস্কৃতি ও নিয়মকানুনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়।

ভ্রমণের জন্য মে থেকে সেপ্টেম্বর সময়টি সবচেয়ে আরামদায়ক। এ সময়ে আবহাওয়া তুলনামূলক শীতল থাকায় দর্শনার্থীরা উলুরু বেস ওয়াক, সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ, জাতীয় উদ্যানের সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন এবং কাছাকাছি অবস্থিত কাতা জুতা পাহাড় ঘুরে দেখতে পারেন।

উলুরুতে পৌঁছানো যায় আয়ার্স রক বিমানবন্দর হয়ে। এছাড়া অ্যালিস স্প্রিংস থেকে প্রায় সাড়ে চার ঘণ্টার সড়কপথেও যাওয়া সম্ভব। প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, আলোর সঙ্গে রঙের অনন্য খেলা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে উলুরু আজও বিশ্বের ভ্রমণপ্রেমীদের অন্যতম আকাঙ্ক্ষিত গন্তব্য।

গুরুত্বপূর্ণ তথ্য
অবস্থান: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি
পরিচিত নাম: আয়ার্স রক
ভ্রমণের সেরা সময়: মে থেকে সেপ্টেম্বর
প্রধান আকর্ষণ: রঙ পরিবর্তনের দৃশ্য, উলুরু বেস ওয়াক, সূর্যোদয় ও সূর্যাস্ত, সাংস্কৃতিক কেন্দ্র, কাতা জুতা