রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান হাতিরঝিল আবারও পরিণত হলো আন্তর্জাতিক মানের ক্রীড়া ও নগর পর্যটনের মিলনমেলায়। দেশ-বিদেশের সহাস্রাধিক দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬’। আয়োজকদের মতে, এমন আয়োজন শুধু ক্রীড়া নয়, ঢাকাকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আকর্ষণীয় নগর গন্তব্য হিসেবে তুলে ধরতেও ভূমিকা রাখছে।

শুক্রবার, ১৭ জুলাই ভোরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার থেকে শুরু হয় ‘আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬’। ট্রায়াথলন ড্রিমার্সের দ্বিতীয়বারের এই আয়োজনে বিভিন্ন বয়স ও অভিজ্ঞতার দেশি-বিদেশি দৌড়বিদ অংশ নেন।

‘রান দ্য সিটি, সেলিব্রেট দ্য কালচার’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় ছিল ২১ দশমিক ১ কিলোমিটার হাফ ম্যারাথন, ১৫ কিলোমিটার, ৭ দশমিক ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দৌড়।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সবগুলো বিভাগই এআইএমএস (অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিসট্যান্স রেস) স্বীকৃত। পুরো আয়োজন পরিচালনায় ছিল আন্তর্জাতিক মানের সময় গণনা ব্যবস্থা, চিকিৎসাসেবা, পানীয় সরবরাহ কেন্দ্র, নিরাপত্তাব্যবস্থা এবং শতাধিক স্বেচ্ছাসেবক।

বিশ্বের বিভিন্ন শহরে ম্যারাথন ও হাফ ম্যারাথন এখন কেবল ক্রীড়া আয়োজন নয়, বরং নগর পর্যটনেরও গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন স্থানীয় দর্শনীয় স্থান, সংস্কৃতি ও আতিথেয়তাকে দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে। হাতিরঝিলের মতো রাজধানীর পরিচিত নগর অবকাঠামোও এমন আয়োজনের মাধ্যমে নতুনভাবে পরিচিতি পায়।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে নারী ও পুরুষ বিজয়ীদের ট্রফি, প্রাইজমানি ও সম্মাননা প্রদান করা হয়।

দৌড় পরিচালক মো. আল-আমিন বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বাংলাদেশের রানিং সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি উদ্যোগ। এবারের সফল আয়োজন আবারও প্রমাণ করেছে, আন্তর্জাতিক মানের সড়ক দৌড় আয়োজনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে।

আয়োজন: আকিজ বাইসাইকেল ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬
স্থান: হাতিরঝিল, ঢাকা
অংশগ্রহণকারী: দেশ-বিদেশের সহাস্রাধিক দৌড়বিদ
দূরত্ব: ২১.১ কিমি, ১৫ কিমি, ৭.৫ কিমি ও ১ কিমি (শিশু বিভাগ)
বিশেষত্ব: এআইএমএস স্বীকৃত আয়োজন, আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা