প্রাকৃতিক সৌন্দর্য, সাশ্রয়ী জীবনযাপন, উন্নত স্বাস্থ্যসেবা এবং মানসম্মত অবকাঠামোর সমন্বয়ে ২০২৬ সালে অবসরের জন্য বিশ্বের সেরা গন্তব্যগুলোর তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল লিভিং। সংস্থাটির ৩৫তম গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্সে প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করেছে গ্রিস। তালিকায় জায়গা পেয়েছে এশিয়ার দুটি দেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

প্রতিবছরের মতো এবারও জীবনযাত্রার ব্যয়, আবাসন, স্বাস্থ্যসেবা, ভিসা ও আবাসনের সুযোগ, জলবায়ু, প্রশাসনিক পরিবেশ এবং সামগ্রিক জীবনমানের মতো বিভিন্ন সূচকের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশ মূল্যায়ন করা হয়েছে।

শীর্ষ ১০ গন্তব্য

১. গ্রিস
প্রথমবারের মতো তালিকার শীর্ষে উঠেছে গ্রিস। নিরাপদ পরিবেশ, উন্নত স্বাস্থ্যসেবা, ভূমধ্যসাগরীয় আবহাওয়া এবং তুলনামূলক সাশ্রয়ী জীবনযাত্রা দেশটিকে অবসরজীবনের জন্য আকর্ষণীয় করেছে। সান্তোরিনি ও ক্রিট ছাড়াও ছোট শহরগুলো শান্ত পরিবেশে বসবাসের সুযোগ দেয়।

২. পানামা
পেনসিওনাদো কর্মসূচি, কর সুবিধা, আধুনিক অবকাঠামো এবং মানসম্মত স্বাস্থ্যসেবার কারণে দীর্ঘদিন ধরেই অবসরপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় পানামা।

৩. কোস্টারিকা
প্রকৃতিপ্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য কোস্টারিকা। জীববৈচিত্র্য, স্থিতিশীল পরিবেশ, উন্নত স্বাস্থ্যসেবা এবং সারা বছর মনোরম আবহাওয়া দেশটির প্রধান আকর্ষণ।

৪. পর্তুগাল
জীবনযাত্রার ব্যয় কিছুটা বাড়লেও নিরাপদ নগর, উন্নত গণপরিবহন, স্বাস্থ্যসেবা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে পর্তুগাল জনপ্রিয়তা ধরে রেখেছে।

৫. মেক্সিকো
সাশ্রয়ী জীবনযাত্রা, উন্নত স্বাস্থ্যসেবা এবং বিদেশি বাসিন্দাদের জন্য উপযোগী পরিবেশ মেক্সিকোকে অবসরজীবনের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত করেছে।

৬. ইতালি
ঐতিহাসিক শহর, প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ খাদ্যসংস্কৃতি এবং দক্ষিণাঞ্চলের তুলনামূলক কম ব্যয়ের আবাসন অবসরপ্রত্যাশীদের আকৃষ্ট করছে।

৭. ফ্রান্স
বিশ্বমানের স্বাস্থ্যসেবা, উন্নত জনসেবা এবং গ্রামীণ অঞ্চলের উচ্চ জীবনমানের কারণে তালিকায় রয়েছে ফ্রান্স।

৮. স্পেন
উষ্ণ ভূমধ্যসাগরীয় আবহাওয়া, সমৃদ্ধ সংস্কৃতি, উন্নত স্বাস্থ্যসেবা এবং বড় শহরের বাইরে তুলনামূলক কম ব্যয়ের জীবনযাত্রা স্পেনকে জনপ্রিয় করেছে।

৯. থাইল্যান্ড
এশিয়ার সর্বোচ্চ অবস্থানে রয়েছে থাইল্যান্ড। কম জীবনযাত্রার ব্যয়, আধুনিক নগর, বেসরকারি স্বাস্থ্যসেবা এবং সমুদ্রসৈকতকেন্দ্রিক জীবনধারা দেশটিকে অবসরজীবনের জন্য আকর্ষণীয় করেছে। চিয়াং মাই, হুয়া হিন ও ফুকেট বিদেশি অবসরপ্রত্যাশীদের কাছে বিশেষ জনপ্রিয়।

১০. মালয়েশিয়া
বহুসাংস্কৃতিক সমাজ, উন্নত অবকাঠামো, সাশ্রয়ী আবাসন এবং মানসম্মত স্বাস্থ্যসেবার কারণে মালয়েশিয়া তালিকার দশম স্থানে রয়েছে। পেনাং ও কুয়ালালামপুর বিদেশি বাসিন্দাদের কাছে অন্যতম পছন্দের শহর।