রাজধানী ঢাকায় আরও দুই থেকে তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ঢাকায় চলাচল ও ভ্রমণের ক্ষেত্রে বৃষ্টির প্রস্তুতি নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
রোববার সকালে আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, জুলাই সাধারণত বৃষ্টিপ্রবণ মাস। এবার সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টায় ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
খন্দকার হাফিজুর রহমান বলেন, আগামী দুই থেকে তিনদিন ঢাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে সময়ের সঙ্গে এর তীব্রতা কমে আসবে। চলতি জুলাই মাসজুড়েই বৃষ্টির এমন প্রবণতা থাকতে পারে।
জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের তুলনায় এবারের পরিস্থিতি কেমন, তা এখনই চূড়ান্তভাবে বলা সম্ভব নয় বলে জানান তিনি। এ বিষয়ে আরও কয়েকদিন পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
ভারী বৃষ্টির কারণে সম্ভাব্য বন্যা ও ভূমিধসের ঝুঁকিও বিবেচনায় রাখা হচ্ছে। প্রয়োজনীয় প্রস্তুতির জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রকে আগাম সতর্ক করা হয়েছে।
বর্ষায় ঢাকা বা দেশের অন্য এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে আবহাওয়ার পূর্বাভাস দেখে যাত্রা শুরুর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ভারী বৃষ্টির সময় ছাতা, রেইনকোট ও বৃষ্টিতে ব্যবহারের উপযোগী জুতা সঙ্গে রাখা প্রয়োজন।
একই সঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে এমন এলাকায় একান্ত প্রয়োজন ছাড়া ঝুঁকি নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। বন্যা ও ভূমিধসপ্রবণ এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন।
ভ্রমণ তথ্য: আগামী দুই থেকে তিনদিন ঢাকাসহ বৃষ্টিপ্রবণ এলাকায় যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস জেনে নেওয়া এবং প্রয়োজনীয় বৃষ্টির সরঞ্জাম সঙ্গে রাখা ভালো।