বাংলাদেশে জলভিত্তিক পর্যটনের সম্ভাবনাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দ্বিতীয় বাংলাদেশ হাউজবোট ফেয়ার (বিএইচএফ) ২০২৬। আগামীকাল বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শনিবার (১১ জুলাই) পর্যন্ত চলবে এ আয়োজন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন ভবনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

হাউজবোট ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এইচওএবি) আয়োজিত এ মেলায় দেশের হাউজবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান, জলভিত্তিক পর্যটনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট খাতের বিভিন্ন অংশীদার অংশ নেবে। আয়োজকদের দাবি, এটি দেশের সবচেয়ে বড় হাউজবোটভিত্তিক আয়োজন।

আয়োজকদের মতে, বাংলাদেশের নদী, হাওর ও জলাভূমিকে ঘিরে জলভিত্তিক পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং বিলাসবহুল জলভ্রমণকে আরও জনপ্রিয় করাই এবারের মেলার মূল লক্ষ্য।

মেলায় আগত দর্শনার্থীরা হাউজবোট শিল্পের বর্তমান অবস্থা, বিভিন্ন ভ্রমণ প্যাকেজ, জলভিত্তিক পর্যটনের সুযোগ-সুবিধা এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও থাকবে।

বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে হাওর, নদী ও উপকূলীয় অঞ্চলে হাউজবোটভিত্তিক ভ্রমণের জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। বিশেষ করে পরিবার, করপোরেট দল এবং অবকাশযাপনপ্রেমীদের কাছে এটি একটি ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা হিসেবে পরিচিতি পাচ্ছে। এমন আয়োজন জলভিত্তিক পর্যটন খাতের প্রসার এবং নতুন বিনিয়োগ আকর্ষণেও ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে দ্য হাওর সেইল। পাওয়ারড বাই হিসেবে রয়েছে ঘুরিং ফিরিং। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক ও দৈনিক সময়ের আলো।

মেলার সময়সূচি

সময়: ৯ থেকে ১১ জুলাই ২০২৬

স্থান: বাংলাদেশ পর্যটন ভবন, আগারগাঁও, ঢাকা

সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা

প্রবেশ: সবার জন্য উন্মুক্ত