রাজধানী ঢাকার নগর সংস্কৃতি, দর্শনীয় স্থান এবং সক্রিয় জীবনধারাকে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬। ‘রান দ্য সিটি, সেলিব্রেট দ্য কালচার’ প্রতিপাদ্যে আগামী ১৭ জুলাই হাতিরঝিলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অংশগ্রহণে আগ্রহীদের জন্য নিবন্ধনের সুযোগ থাকবে ৩ জুলাই পর্যন্ত।

আয়োজক ট্রায়াথলন ড্রিমার্স জানিয়েছে, এবারের আয়োজনে ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথনের পাশাপাশি থাকছে ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১ কিলোমিটার দৌড়ের বিভাগ।

বিভাগভেদে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে হাফ ম্যারাথনে ১ হাজার ৬৫০ টাকা, ১৫ কিলোমিটারে ১ হাজার ৫৫০ টাকা, ৭.৫ কিলোমিটারে ১ হাজার ৪৫০ টাকা এবং শিশুদের ১ কিলোমিটার বিভাগে ১ হাজার টাকা।

রেস ডিরেক্টর মো. আল-আমিন বলেন, এবারও দেশি ও বিদেশি অনেক দৌড়বিদ ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞ অ্যাথলেট, নিয়মিত দৌড়বিদ, করপোরেট পেশাজীবী এবং শিক্ষার্থীরা রয়েছেন।

প্রতিটি বিভাগে নারী ও পুরুষ বিভাগে সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হবে। হাফ ম্যারাথনে চ্যাম্পিয়ন পাবেন ১০ হাজার টাকা, প্রথম রানারআপ ৭ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৫ হাজার টাকা।

১৫ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ৮ হাজার টাকা, প্রথম রানারআপ ৫ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ ৪ হাজার টাকা। ৭.৫ কিলোমিটার বিভাগে চ্যাম্পিয়ন পাবেন ৫ হাজার টাকা, প্রথম রানারআপ ৪ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৩ হাজার টাকা।

তথ্যসংক্ষেপ

আয়োজন: ঢাকা মেট্রো হাফ ম্যারাথন ২০২৬

তারিখ: ১৭ জুলাই ২০২৬

স্থান: হাতিরঝিল, ঢাকা

নিবন্ধনের শেষ সময়: ৩ জুলাই ২০২৬

বিভাগ: ২১.১ কিলোমিটার, ১৫ কিলোমিটার, ৭.৫ কিলোমিটার ও শিশুদের ১ কিলোমিটার