কক্সবাজার মেরিন ড্রাইভে এখন প্রকৃতির অন্যরকম রূপ। গ্রীষ্মের তাপের মধ্যেই দুই ধারে সারি সারি রেইন ট্রি জুড়ে ফুটেছে শিরীষ ফুল। গোলাপি-সাদাটে এই ফুলে সেজে উঠেছে পুরো সড়ক, যা ভ্রমণপ্রেমীদের কাছে হয়ে উঠেছে দৃষ্টিনন্দন এক আকর্ষণ।
সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা পুরোনো রেইন ট্রিগুলোর ডগায় ডগায় এখন শিরীষের গুচ্ছ। সবুজ পাতার ফাঁক গলে ফুটে থাকা ফুলগুলো দূর থেকেই নজর কাড়ছে। ফলে পথচলতি মানুষ ও পর্যটকরা অনেকেই থেমে যাচ্ছেন এই দৃশ্য উপভোগ করতে। কেউ ছবি তুলছেন, আবার কেউ নিঃশব্দে উপভোগ করছেন প্রকৃতির এই মায়াবী সাজ।
প্রচণ্ড গরমের সময়েও এই গাছগুলোর ছায়া পথচারীদের জন্য স্বস্তি এনে দিচ্ছে। দিনভর কাজের ফাঁকে শ্রমজীবী মানুষ, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা গাছতলায় বসে কিছুটা সময় কাটাচ্ছেন। ঠাণ্ডা বাতাস আর ছায়াঘেরা পরিবেশ তাদের ক্লান্তি দূর করতে সাহায্য করছে।
স্থানীয় পথচারী আবদুল্লাহ জানান, বছরের এই সময়টায় শিরীষ ফুল ফুটলে পুরো এলাকাই যেন প্রাণ ফিরে পায়। ফুলের টানে পাখির আনাগোনা বাড়ে, চারপাশে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ।
শুধু সৌন্দর্য নয়, পরিবেশগত দিক থেকেও এসব রেইন ট্রির গুরুত্ব অনেক। দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো ছায়া দেওয়ার পাশাপাশি তাপমাত্রা কমাতে ও বায়ু পরিশুদ্ধ রাখতে সহায়তা করছে। প্রতিদিন হাজারো মানুষের চলাচলের এই সড়ককে আরও আরামদায়ক ও প্রাণবন্ত করে তুলছে তারা।